আদিতমারীতে গৃহবধূর ওপর বর্বর নির্যাতন
লালমনিরহাটের আদিত-মারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্য ও তাঁর স্বামীসহ কয়েক ব্যক্তি আমেনা বেগম নামের এক গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত শুক্রবার বিকেলে আমেনার স্বামী তুবলে রহমান বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন। আমেনা বেগম লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আমেনা বেগম বলেন, ‘পলাশী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নার্গিস ও তাঁর স্বামী মোকসুদা আমার বিরুদ্ধে বিভিন্ন বদনাম দিয়ে গত রোববার গ্রামের একটি রাস্তায় আমাকে আটক করে। এরপর তারাসহ এলাকার তোজামেঞ্চল হক, মোজামেঞ্চল হক, মর্জিনা বেগম, সাহেরা বেগম মিলে আমাকে লাঠি দিয়ে পেটায় ও কিল-ঘুষি মারে। নার্গিস মেম্বারের স্বামী মোকসুদার সবার সামনে আমাকে বিবস্ত্র করে এবং নার্গিস আমার স্পর্শকাতর স্থানে মরিচ লাগিয়ে দেয়। পরে খবর পেয়ে আমার স্বামী অজ্ঞান অবস্থায় আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।’
ইউপি সদস্য নার্গিস অভিযোগ অস্বীকার করেছেন। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল বলেন, আমেনার স্বামী তুবলে রহমান শুক্রবার বিকেলে ওই ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।