আদিতমারীতে তৃতীয় শ্রেণির প্রশ্নপত্রে ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হওয়ার পরপরই চলতি সপ্তাহে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা। একটি উপজেলায় থাকা সব স্কুলে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১২৬টি স্কুলে তৃতীয় শ্রেণির বাংলা ও ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কিছু ভুল থাকার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্নপত্রে তিনটি বানান ভুল ছাড়াও ‘বিপরীত শব্দ লিখ’ অংশে খেলা, বিদ্যালয় এবং তাঁতি শব্দগুলো ছিল। এগুলোর কোনো বিপরীত শব্দ নেই। এর আগে গত রোববার অনুষ্ঠিত একই শ্রেণির ইংরেজি প্রশ্নপত্রে এক প্রশ্ন দুবার, বানান ভুল এবং ১০০ নম্বরের স্থলে ১১০ নম্বরের মান বণ্টন ছিল। এ ছাড়া প্রশ্নের ক্রমিকেও ভুল ছিল।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আজ মঙ্গলবার দুপুরে তৃতীয় শ্রেণির বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র প্রণয়নে বিভিন্ন ভুল ও অসংগতি থাকায় দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট চার কর্মকর্তা, দুই প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ব্যক্তিরা হলেন বার্ষিক পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন আজাদী, কমিটির সদস্যসচিব ও জ্যেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন, সদস্য সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইয়াছিন আলী, দেওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন, দীঘলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন এবং ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝর্ণা রানী।

.
.


কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, প্রশ্নপত্র প্রণয়নে বিভিন্ন ভুল ও অসংগতি রয়েছে যা কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করবে। পরীক্ষা পরিচালনা কমিটি থাকা সত্ত্বেও এ ধরনের ভুলে ভরা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলার শামিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক অভিযোগ করেন, এমনিতে শিশুরা পড়তে চায় না। তার ওপর প্রশ্নপত্রে ভুল। তাহলে তারা পরীক্ষা দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। প্রাথমিক স্কুলে গ্রাম ও গরিব পরিবারের শিশুরা পড়ে বলেই কি যেনতেনভাবে প্রশ্ন করে তা দিয়ে পরীক্ষা নেওয়া হবে?
আদিতমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন আজাদী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দাখিল করব। তিনি বলেন, বিভিন্ন ব্যস্ততা ও অন্যান্য কারণে অনিচ্ছা সত্ত্বেও প্রশ্নে ভুল রয়েছে, যথাযথভাবে প্রুফ দেখা সম্ভব হয়নি। কর্তব্যে অবহেলা করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ইচ্ছাকৃত না হলেও তা এড়ানোর সুযোগ নেই।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম বলেন, গত শনিবার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ৩৮টি স্কুলের গণিতের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিতের পর প্রাথমিকের প্রশ্নপত্রে এ ধরনের ভুল থাকার বিষয়টি উপজেলার সার্বিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি বলেন, বিষয়গুলি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নবেজ উদ্দিন সরকার বলেন, অভিভাবকদের কাছে থেকে অভিযোগ পাওয়ার পর বাংলা ও ইংরেজির প্রশ্নপত্র সংগ্রহ করে তা বিশ্লেষণ ও পর্যালোচনা করে সংশ্লিষ্ট সবাইকে জবাব দেওয়ার জন্য শোকজ করা হয়েছে। তিনি বলেন শোকজের জবাব সন্তোষজনক না হলে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হবে।