আদিতমারীতে বিষাক্ত গ্যাসে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোড় গ্রামে গতকাল মঙ্গলবার বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে দুই ভাই মারা গেছেন। তাঁরা হলেন ওই গ্রামের জসমত আলীর ছেলে সোহেল (৩৩) ও রুবেল (১৮)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জসমত আলীর বাড়ির পেছনের দিকে বাঁশঝাড়ের কাছে ১০-১৫ দিন আগে শৌচাগার বসানোর জন্য একটি গর্ত খোঁড়া হয়। গর্তে পানি ও ময়লা-আবর্জনা জমে ছিল। সেগুলো পরিষ্কার করার জন্য গতকাল দুপুরে রুবেল গর্তের ভেতরে নামেন। অনেকক্ষণ পরও উঠে না আসায় সোহেল তাঁর ছোট ভাই রুবেলকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু সাড়া না পেয়ে সোহেলও ওই গর্তে নামেন। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা তাঁদের সাড়া না পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। পরে তারা ওই দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।হাসপাতালের চিকিৎসক আজমল হক প্রয়োজনীয় পরীক্ষা শেষে সোহেল ও রুবেলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে তাঁরা মারা যান।