আদিনাথ মেলায় পুণ্যার্থীদের ঢল
কক্সবাজারের মহেশখালীর মৈনাক পর্বত চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরের শিব চতুর্দশী মেলায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। মন্দির থেকে শুরু করে আশপাশের এলাকা এখন হাজারো মানুষের পদভারে গমগম করছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এ মেলা। মূল আনুষ্ঠানিকতা তিন দিন হলেও মেলা চলবে ১৫ দিন পর্যন্ত।
মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, আদিনাথ মন্দিরে শিব দর্শনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী-পুরুষেরা ভিড় করছেন। লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢুকছেন তাঁরা। কারও হাতে ফুল, কারও হাতে দেবতার উদ্দেশে দেওয়ার মোমবাতি। গত কয়েক বছর দর্শনার্থীরা শিব দর্শনে এসে নানা ভোগান্তি পোহালেও এবার সুশৃঙ্খলভাবে সবকিছু হচ্ছে। কারণ, উপজেলা প্রশাসন ও মেলার আয়োজকেরা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে তীর্থযাত্রীদের নানা সেবা দিচ্ছেন।
চট্টগ্রামের বাঁশখালী থেকে আসা তীর্থযাত্রী সুকুমার কান্তি দে, আশিষ দে ও গোপাল চন্দ্র দে জানান, অন্যান্য বছর কক্সবাজার থেকে সমুদ্রপথে মহেশখালী আসতে ভোগান্তিতে পড়তে হতো। এখন সড়কপথে যাতায়াতব্যবস্থা সুবিধা হওয়ায় গাড়ি নিয়ে চকরিয়া বদরখালী হয়ে আদিনাথ মেলায় সহজেই আসা সম্ভব হয়েছে।
মেলার আয়োজকেরা জানান, আগে আদিনাথ মন্দিরের মেলাকে ঘিরে জুয়া খেলা, অশালীন গান ও নাচ এবং মাদক বেচাকেনা হলেও এবার চিত্র ভিন্ন।
এদিকে মন্দিরের আশপাশে বসেছে প্রায় দুই শতাধিক দোকান। এসব দোকানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নিত্যব্যবহার্য তৈজসপত্র, দা-ছুরি, আসবাবপত্র, কাপড়, মাটির সামগ্রীসহ রকমারি জিনিসপত্র পাওয়া যাচ্ছে।
সাতকানিয়া থেকে আসা ব্যবসায়ী মনির আহমদ বলেন, গতবারের চেয়ে এবার মেলায় দর্শনার্থী অনেক বেশি। ফলে বেচাও ভালো।
আদিনাথ মেলা কার্যকরী কমিটির সভাপতি পূর্ণ চন্দ্র দে বলেন, গত বছর রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় মেলা তেমন জমেনি। এবার পরিস্থিতি শান্ত থাকায় ব্যাপক তীর্থযাত্রীর সমাগম ঘটেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
আদিনাথ মেলার তদারকি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, দূরদূরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি চিকিৎসা ক্যাম্প বসানো হয়েছে। তীর্থযাত্রীরা এখান থেকে চিকিৎসাসেবা পাচ্ছেন।