আদিবাসী অধিকার আদায়ে আইন ও কমিশন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থসামাজিক অবস্থার আলোকে আদিবাসীদের অধিকার সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া অধিকার সুরক্ষার পথ সুগম করতে আদিবাসী কমিশন গঠনেরও দাবি উঠেছে। গতকাল সোমবার সিরডাপ মিলনায়তনে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত ‘আর্থসামাজিক অবস্থার আলোকে আদিবাসী অধিকার আইনের প্রাসঙ্গিকতা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। সভার প্রথমপর্বের সভাপতি ও আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, সংবিধানে আদিবাসীদের অধিকারের কথা উল্লেখ রয়েছে। সেই অধিকার যথাযথভাবে বাস্তবায়ন করতে প্রয়োজন আইন। আদিবাসীদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থা বিবেচনায় রেখে আইন তৈরি করতে হবে। দ্বিতীয়পর্বের সভাপতি ও কৃষি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান বলেন, আদিবাসী অধিকার সুরক্ষায় সবার মতামত নিয়ে আইনের খসড়া চূড়ান্ত করা হবে। আইন প্রণয়নে আদিবাসীদের ভূমির অধিকারসহ অন্যান্য বিষয় বিবেচনায় রাখতে হবে। কারণ ভূমির অধিকার না থাকলে জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সাংসদ জিয়াউর রহমান বলেন, আর্থসামাজিক দিক থেকে আদিবাসীদের নানা সমস্যা রয়েছে। ভূমি কিংবা শিক্ষার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি বঞ্চিত। এ জন্য তাদের জন্য নৈশকালীন বিদ্যালয় চালু করা যেতে পারে। সাংসদ যতীন্দ্রলাল ত্রিপুরা বলেন, আদিবাসীদের অধিকার সুরক্ষায় অনেক আইন থাকলেও এগুলোর তেমন বাস্তবায়ন নেই। আইন তৈরির ক্ষেত্রে আদিবাসীদের আর্থসামাজিক অবস্থা বিবেচনার পাশাপাশি আইন বাস্তবায়নের দিকেও নজর দিতে হবে। গবেষণা ও উন্নয়ন কালেকটিভের (আরডিসি) চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, নীতিমালা ও পরিকল্পনা তৈরিতে মাঠের চিত্র জানা জরুরি। আদিবাসীরা যুগে যুগে প্রান্তিকতার শেষ সীমায় পৌঁছেছে। এই জনগোষ্ঠীর উন্নয়নে আইন তৈরি করার আগে বাস্তব অবস্থা বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, সময়ক্ষেপণ না করে ২০১২ সালের মধ্যে আইনটি চূড়ান্ত করার সময় লক্ষ্য নির্ধারণ করা উচিত। এ ছাড়া আইনের আলোকে আদিবাসী কমিশন গঠন করতে হবে। সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, আদিবাসী ভাষা ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা এসআইএলের কান্ট্রি ডিরেক্টর এডওয়ার্ড মান্না মণ্ডল, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার তন্দ্রা চাকমা, বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয়ের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, অক্সফামের প্রোগ্রাম অফিসার সৈকত বিশ্বাস, গবেষণা ও উন্নয়ন কালেকটিভের (আরডিসি) সাধারণ সম্পাদক জান্নাত-এ-ফেরদৌস প্রমুখ। সভায় জানানো হয়, আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আদিবাসীদের অধিকার সুরক্ষায় আদিবাসী অধিকার আইনের খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি সংসদে উত্থাপন করা হবে। আইনটি প্রসঙ্গে নাগরিক সমাজের মতামত জানতে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (আরডিসি) ও অক্সফামের সহায়তায় এ মতবিনিময় সভা হয়।