আদিবাসী একটি পরিবার দেড় মাস একঘরে
গ্রামের মধ্যে বড় ফাঁকা স্থানে (আখড়া) গ্রাম্য বিচার শুরু হওয়ার কথা দুপুরে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল এল, তবু তিন কবিরাজের দেখা নেই।
বিচারের নিরপেক্ষতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই গ্রামে আমন্ত্রিত হয়ে সদলবলে চলে এসেছেন দূরের উপজেলার ওঁরাও আদিবাসীদের দিঘরী পরিষদের (২৮ গ্রামের সমন্বয়ে গঠিত) রাজা। উপস্থিত আছেন নিজ উপজেলার দিঘরী পরিষদের (২৫ গ্রামের সমন্বয়ে গঠিত) রাজাও। আর গ্রামের প্রধান তো (মোড়ল) উপস্থিত আছেনই। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন গ্রামের শতাধিক নারী-পুরুষ। তবু বিচারকাজ শুরু করা যাচ্ছে না। কারণ, তিন কবিরাজ এসে মন্ত্র পড়ে গণনা করে অভিযুক্ত ব্যক্তিকে দোষী বা নির্দোষ সাব্যস্ত না করা পর্যন্ত বিচারের রায় দেওয়া যাবে না।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) মাসনা গ্রামে গত শনিবার এ বিচার কার্যক্রম দেখার জন্য উপস্থিত ছিলেন প্রথম আলোর এই প্রতিবেদকও। সঙ্গে ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার ও বৃহত্তর রাজশাহী অঞ্চলে আদিবাসীদের উন্নয়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা লাহান্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বঙ্গপাল সর্দার। তিনি এই গ্রামেরই ছেলে।
গ্রামবাসী সূত্র জানায়, গত অগ্রহায়ণ মাসে রাতে আমন ধান কাটার সময় সাপের কামড়ে মারা যান এই গ্রামের ছেলে রঘু মিনজ (৩০)। এর কয়েক দিন পর কোদালে পা কেটে যায় আকালু তিরকির (৫০)। কেটে যাওয়া স্থানে ঘায়ের সৃষ্টি হয়। কিন্তু ঘা আর শুকাতে চায় না। গ্রামের আরেকজন সেবেন্দ্র নুনিয়ার স্ত্রীর হাতে ঘা হয়। একাধিক কবিরাজের কাছে চিকিৎসা নেওয়ার পরও সেই ঘা শুকাতে চায় না। কবিরাজেরা বলেন, এর পেছনে কোনো অশুভ শক্তির হাত আছে। গ্রামের কেউ তুকতাকের মাধ্যমে ভূত-প্রেতের সাহায্যে দূষিত করেছে গ্রামকে। আর এ জন্যই ঘটছে এসব কিছু। এর জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত গ্রামে আরও অশুভ ঘটনা ঘটতে থাকবে। আশপাশের কবিরাজের (ওঝা বা গুনিন ব্যক্তি) কাছে যাওয়া হলো। তাঁরা চিহ্নিত করলেন গ্রামের যতিন লাকড়া (৪৮) ও তাঁর স্ত্রী মুংলী খালকোকে (৩৮)। কবিরাজেরা বলেন, যতিন ও মুংলী মন্ত্র পড়ে ভূত-প্রেত আনতে জানেন। তাঁরাই এসবের জন্য দায়ী। স্থানীয় কবিরাজদের কথা গ্রামের অনেকেই মানতে চাইলেন না। তাঁদের কথা হলো, আরও ভালো কবিরাজের কাছে যেতে হবে। সন্ধান পাওয়া গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আছেন এক জাঁদরেল কবিরাজ। তাঁর নাম নজরুল ইসলাম। গ্রামের প্রতিটি পরিবারের কাছে তোলা হলো ৫০০ টাকা করে চাঁদা। গাড়িভাড়া করে অভিযুক্ত ব্যক্তিসহ ৪০ জন সেই কবিরাজের কাছে যান। এই কবিরাজও চিহ্নিত করলেন যতিন লাকড়া ও মুংলী খালকোকে। গ্রামে এসে বিচার ডাকলেন মোড়ল লালচান টপ্প্য। কিন্তু সেখানে হাজির হলেন না যতিন ও মুংলী। গ্রাম্য বিচারকদের নির্দেশে তাঁর বাড়ি থেকে একটি বড় গরু নিয়ে আসা হলো। শাস্তিস্বরূপ তাঁদের একঘরে করা হলো। বঙ্গপাল সর্দারের হস্তক্ষেপে গরু ফেরত দেওয়া হলেও একঘরে করে রাখার শাস্তি বহাল রইল। এর ফলে দেড় মাস ধরে কোনো কাজ পাচ্ছেন না যতিন ও মুংলী।
যতিন ও মুংলী প্রথম আলোকে বলেন, ‘খ্যায়া-না খ্যায়া হামাদের দিন কাটছে। হামাদের এখান থাকি তাড়াবার জন্যই এসব করা হোইছে। হামাদের ভিটামাটি দখল করার জন্য একটা ষড়যন্ত্র চলছে।’
গ্রামের কিছু লোক আবারও দাবি করেন অভিযুক্ত ব্যক্তির পক্ষে একজন, গ্রামবাসীর পক্ষে একজন ও নিরপেক্ষ একজন কবিরাজ আনা হোক। সংখ্যাগরিষ্ঠ কবিরাজ যে মত দেবেন, সেটাই মেনে নেওয়া হবে। গত শনিবার ছিল তিন কবিরাজের গণনা করে মতামত দেওয়ার দিন। অবশেষে সেই তিন কবিরাজ এলেন সন্ধ্যার দিকে। দেরি না করে আলাদা তিন স্থানে গিয়ে তাঁরা মন্ত্র পড়ে গণনা শুরু করলেন। ১৫-২০ মিনিটের মাথায় তাঁরা এসে ফলাফল ঘোষণা করলেন।
গ্রামবাসীর পক্ষে নিয়ামতপুর উপজেলার পরানপুর থেকে আসা ফুলেশ্বরী পাহান অভিযুক্ত যতিন লাকড়া ও মুংলী খালকোকেই দোষী সাব্যস্ত করলেন। আর অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে ধামইরহাট উপজেলার আগরা দ্বিগুণ গ্রাম থেকে আসা আল আমিন ও নিরপেক্ষ হিসেবে আসা মান্দা ফেরিঘাটের মুনসুর আলী বললেন, যতিন ও মুংলী তুকতাক জানেন বটে, কিন্তু তাঁরা কারও কোনো ক্ষতি করেননি।
এরপর নিয়ামতপুর উপজেলার দিঘরী পরিষদের রাজা মতিলাল টপ্প্য রায় ঘোষণার জন্য উঠে বলেন, ‘যেহেতু দুজন কবিরাজ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেননি, সেহেতু তাদের নির্দোষ ঘোষণা করা হলো।’
কিন্তু গ্রামের কিছু মানুষ এ নিয়ে হট্টগোল শুরু করলেন। শুরু হয় তুমুল বাগ্বিতণ্ডা। শেষে ভণ্ডুল হয়ে গেল সালিস। বলা হলো, আরেক দিন ডাকা হবে সালিস। ফলে একঘরে শাস্তি থেকে মুক্তি পেলেন না যতিন লাকড়া ও মুংলী খালকো।