সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক পদে নিয়োগে উত্তরাঞ্চলে উপজাতি কোটা অনুসরণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশে লোক নিয়োগের জন্য বাছাইয়ে উপজাতিদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। উত্তরাঞ্চলের কয়েকজন আদিবাসী নেতা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগের ক্ষেত্রে উপজাতি কোটা শতকরা পাঁচ ভাগ। সে অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে চাকরি পাওয়ার কথা ১৮ জন আদিবাসীর। কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষা দেন তিনজন। তাঁদের মধ্যে নিয়োগ পেয়েছেন একজন। রাজশাহীতে পাঁচজন আদিবাসী মৌখিক পরীক্ষা দিলেও নিয়োগ পেয়েছেন তিনজন। নওগাঁয় দুজন মৌখিক পরীক্ষা দিয়ে একজন নিয়োগ পেয়েছেন। অথচ কোটা অনুযায়ী নিয়োগ পাওয়ার কথা ছিল ১৮ জনের। একই অবস্থা জয়পুরহাট, নাটোর, ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জ জেলায়ও। জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেন বলেন, কোটা অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাই চাকরি পাওয়ার কথা। কিন্তু এর অনেক কম আদিবাসী চাকরি পেয়েছেন। এতে আদিবাসীরা অত্যন্ত মর্মাহত হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম বলেন, ‘আদিবাসী চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষার নম্বরপত্রে আমরা আদিবাসী হিসেবে চিহ্নিত করে থাকি। চাকরি দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের করার কিছু নেই।’ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের মাথিয়াস মুর্মু, ওঁরাও সম্প্রদায়ের মোহর মিনজ অভিযোগ করেন, কনস্টেবল পদে নিয়োগের জন্য গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে বাছাই চলাকালে নির্বাচনী বোর্ডের কর্মকর্তারা তাঁদের উপজাতি হিসেবে মানতে রাজি হননি। মাথিয়াস মুর্মু বলেন, ‘সাধারণ লাইনের বাইরে আলাদা কোটার লাইনে দাঁড়ালে লাইন থেকে আমাদের বের করে দেওয়া হয়। আমাদের বলা হয়, “তোমরা উপজাতি নও, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরাই (চাকমা, মারমা, তঞ্চ্যঙ্গা ইত্যাদি) হচ্ছে আসল উপজাতি।” অথচ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে সাঁওতাল, ওঁরাও ও পাহাড়িয়া সম্প্রদায়ের লোকেরা উপজাতি (ক্ষুদ্র নৃগোষ্ঠী)।’পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) খন্দকার শামীম আহমেদ বলেন, ‘নির্বাচনী বোর্ড যদি তাঁদের মনে করে থাকে তাঁরা উপজাতি নয়, তবে সেটাই ঠিক। এ ক্ষেত্রে আমার কিছুই করার নেই।’