আদিবাসী কোটা সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে প্রাথমিক শিক্ষক নিয়োগ-প্রক্রিয়ায় উপজেলা ও আদিবাসী জনগোষ্ঠীভিত্তিক কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে গত বৃহস্পতিবার রুমা উপজেলায় আবারও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে বৈষম্যমূলক নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে। অন্যথায় সড়ক ও নৌপথ অবরোধের হুমকি দিয়েছে। এদিকে নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট আদিবাসী নেতারা সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৭১ জন আদিবাসী প্রার্থীকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। আঞ্চলিক পরিষদ ও নিয়োগ কমিটির সদস্য সাধুরাম ত্রিপুরা বলেছেন, জেলা পরিষদ আইনে অগ্রাধিকার ভিত্তিতে আদিবাসীদের চাকরিতে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। তাই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দেওয়া না হলে মেনে নেওয়া সম্ভব হবে না। স্থানীয় সূত্রে জানা যায়, জেলায় ২১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ জন প্রধান ও ৯৪ জন সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার জন্য ৭ মে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। এতে ম্রো, খিয়াং, খুমি, লুসাই ও পাংখোয়া আদিবাসী জনগোষ্ঠীর কোনো প্রার্থী উত্তীর্ণ হননি। প্রধান শিক্ষক পদে মৌখিক পরীক্ষার জন্য ডাকা ২০ জনের মধ্যে দুজন ও সহকারী শিক্ষক পদে ২৮৩ জনের মধ্যে মাত্র ৭৩ জন আদিবাসী থাকায় বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ে। তবে ৭৩ জনের মধ্যে দুজন মৌখিক পরীক্ষা দিতে আসেননি। এর মধ্যে রুমায় ২০৩ জন প্রার্থীর মাত্র দুজনকে মৌখিক পরীক্ষায় ডাকা হলে সেখানকার মানুষ ক্ষুব্ধ হয়ে মিছিল-সমাবেশ করে। রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ও নিয়োগ কমিটির সদস্য হ্লাথোয়াইহ্রী মারমা বলেছেন, আদিবাসী প্রার্থীদের অনেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কিন্তু যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁদের নিয়োগ দেওয়া না হলে কোটা ভারসাম্য থাকবে না বলে কাউকে বাদ না দেওয়ার জন্য তাঁরা জেলা পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছেন। জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা বলেছেন, আইন মেনেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৭১ জন আদিবাসী প্রার্থীর সবাইকে নিয়োগ দেওয়ার বিবেচনায় রাখা হয়েছে।