আদিবাসী কোমর তাঁত দেখে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের প্রশংসা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক নারীবিষয়ক বিশেষ দূত মেলান ভারভিয়্যর আদিবাসী নারীদের কোমর তাঁতে বোনা কাপড় দেখে প্রশংসা করেন। এ সময় নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অনেক সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন। গতকাল শনিবার বিকেলে মেলান ভারভিয়্যর রাঙামাটির শহরতলি রাঙাপানি গ্রামে গিয়ে আদিবাসী নারীদের কোমর তাঁত বোনা দেখেন এবং নারীদের সঙ্গে কথা বলেন। রাঙাপানি কোমর তাঁত মহিলা কল্যাণ সমিতির সদস্য বড়চোগী চাকমা কোমর তাঁতে পিনন (নারীদের পরনের কাপড়) বোনা শেষে কীভাবে তা কাটা হয় এবং বিভিন্ন আকারের বাঁশের সরঞ্জাম দিয়ে কীভাবে কাপড় বোনেন, তা দেখান। এরপর সমিতির সভাপতি তারাবানু চাকমা কোমর তাঁতে ইংরেজিতে নিজের নাম লেখা একটি তোয়ালে মেলান ভারভিয়্যরকে উপহার দেন। এ ছাড়া সমিতির পক্ষ থেকে মাথায় পরার একটি পাগড়িও উপহার দেওয়া হয়। এর আগে বিশেষ দূত একই গ্রামে আদিবাসী অনাথ শিশুদের প্রতিষ্ঠান মোনঘর অনাথ আশ্রম পরিদর্শন করেন এবং আশ্রমের শিশু ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রদূত সকালে এসে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের আমন্ত্রণে কাপ্তাই হ্রদে নৌবিহার করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য বিভাগের প্রধান মেরিনা ইয়াসমিন জানান, নারীদের উন্নয়ন, ক্ষমতায়ন ও বিভিন্ন কার্যক্রম দেখতে মেলান ভারভিয়্যর এ দেশ সফরে এসেছেন। কাল সোমবার চট্টগ্রামের এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির উদ্যোগে তৃণমূল নারীদের সমেঞ্চলন উদ্বোধন করবেন। তাঁর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশের পরিচালক হেদার ভারভিয়্যর, যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসাল সারা লংব্রেক ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।