আদিবাসী খুনের ঘটনায় মামলা একজন গ্রেপ্তার
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী টুডু সরেন খুনের ঘটনায় নিহত ব্যক্তির ছেলে রবি সরেন গত শনিবার রাতে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবি সরেন জানান, গতকাল রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবার ময়নাতদন্ত শেষে লাশ তাঁদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর বাবা টুডুকে হত্যা করা হয়েছে। একই কারণে ১৯৭৩ সালে দাদা ফাগু সরেন এবং তিন বছর আগে বাবার বড় ভাই গসাই সরেনকেও হত্যা করা হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রথম আলোকে জানান, টুডু সরেন হত্যার প্রতিবাদে স্থানীয় আদিবাসী সংগঠন গতকাল বিকেলে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা করে। কিন্তু আদিবাসীরা ভয়ে কর্মসূচিতে অংশ নেননি। তিনি টুডু সরেনের হত্যাকারীদের বিচারের পাশাপাশি আদিবাসীদের ভূমি ও জীবন রক্ষায় সরকারের কাছে জোর দাবি জানান।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, মামলায় মো. আবদুল গোফফার ও তাঁর স্ত্রী হাওয়া বিবিসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। ঘটনার পরপরই হাওয়াকে তাঁদের বাড়ি থেকে আটক করা হয়েছে।
দিনাজপুর পুলিশের ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করতে এলাকায় পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছেন।