আদিবাসী গুপেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রনগাঁও গ্রামের আদিবাসী দিনমজুর গুপেন সরেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদের জেলা শাখা। দিনাজপুর প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।

বীরগঞ্জ উপজেলার বলাকা মোড়ের ‘এম এস হক ট্রেডার্স’ নামে এক কৃষি খামার থেকে ২৫ মার্চ গুপেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ ছাদের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

মানববন্ধনে বক্তারা গুপেন সরেন হত্যার সুষ্ঠু তদন্তসহ হত্যাকারীদের প্রেপ্তার ও বিচারের দাবি জানান। প্রভাবশালীদের চাপে ময়নাতদন্ত প্রতিবেদন যেন পক্ষপাতমূলক না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলা হয়। বক্তারা গুপেনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তাঁরা বলেন, সারা দেশে ঘটে যাওয়া আদিবাসীদের ওপর সব নির্যাতন, ভূমি থেকে উচ্ছেদ, হামলা ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও প্রশাসনকে শিগগিরিই ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সোহেল পিতরমুর্মু সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় সভাপতি মইন উদ্দিন চিশতী, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডি প্রমুখ।