আদিবাসী গ্রামে আলপনা আঁকার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার টিকইল গ্রামের পর এবার বরেন্দ্রভূমি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আদিবাসী গ্রাম বাবুডাইংয়ে আলপনা আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’র উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া গ্রামের নারীরা ঘরের দেয়াল, বারান্দা, দরজা-জানালার চারপাশ, মাটির কুঠি (ফসল রাখার বড় পাত্র) ও তুলশীতলায় মনের মাধুরী ঢেলে আঁকে লতাপাতা, ফুল-পাখি ও নানা আলপনার নকশা। এতে করে মোহনীয় সাজে সেজে ওঠে গোটা গ্রাম। গতকাল দুপুরে বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, প্রথম আলোর সহকারী সম্পাদক ফেরদৌস ফয়সাল, জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক মুনসুরা বেগম, বিলকিস খাতুন, জোহরা খাতুন, মনোয়ারা খাতুন, বহ্নিশিখার উপদেষ্টা শফিকুল আলম ও বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস।প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হন যথাক্রমে প্রমীলা কর্মকার, লিলাবতী কোল ও রুপিয়া কোল। তাদের প্রত্যেককে শাড়ি দিয়ে পুরস্কৃত করা হয়। জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক মুনসুরা বেগম বলেন, লোকজ সংস্কৃতির প্রচার ও গ্রামীণ নারীদের শিল্পকর্মের দক্ষতা মূল্যায়ন করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।