আদিবাসী গ্রামে হামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে আদিবাসী গ্রামে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার সভাপতি জিকো মারমা ও সাধারণ সম্পাদক বিজয় চাকমা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এসিমং মারমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের নগর শাখার সভাপতি বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক রমেশ চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা আদিবাসী গ্রামে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ জনগোষ্ঠীর ভূমি রক্ষার দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়দল সরকারপাড়া গ্রামে গত শনিবার জমিসংক্রান্ত বিরোধে আদিবাসীদের হাতে শাফিউল ইসলাম (২০) নামের এক তরুণ নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী আদিবাসী গ্রামে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায়।