আদিবাসী ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় অবস্থিত খ্রিষ্টান কলেজ হোস্টেলে আদিবাসী ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন আদিবাসী ছাত্রনেতারা। একই সঙ্গে হোস্টেলের বিদ্যমান সমস্যা সমাধানে ১০ দফা দাবিও জানিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার বেলা ১১টায় হোস্টেলের সামনের কারিতাস মোড়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার নগরের সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
কলেজ সূত্র জানায়, বিশপ প্রশাসন হোস্টেলটিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সের আদিবাসী খ্রিষ্টান ছাত্রদের রাখতে রাজি নয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিশপ প্রশাসনের সঙ্গে আদিবাসী ছাত্রদের দ্বন্দ্ব চলে আসছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন আদিবাসী ছাত্র এমিলিউস টুডু। এতে বলা হয়, পূজা ও ঈদের ছুটির পর হোস্টেলের বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ৪ অক্টোবর একদল মুখোশধারী সন্ত্রাসী আদিবাসী ছাত্রদের ওপর হামলা চালায় এবং তাঁদের (আদিবাসী ছাত্র) হোস্টেল থেকে বের করে দিয়ে হোস্টেলের কক্ষগুলো তালাবদ্ধ করে দেয়। আবার হোস্টেলে প্রবেশ করলে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, খ্রিষ্টান কলেজ হোস্টেলের বিশপ প্রশাসনের মদতে এ হামলার ঘটনা ঘটেছে। ছুটির পর ছাত্ররা হোস্টেলে ফিরলেও অনন্যোপায় হয়ে রেলস্টেশন, পার্কগেট ও বিভিন্ন স্থানে মানবেতর দিন কাটাচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে আদিবাসী ছাত্ররা হোস্টেলে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্বের ছাত্রদের আসন বরাদ্দসহ বিদ্যুৎ-সংযোগ চালু ও বিশপ প্রশাসনের হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি জানান।