চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে আদিবাসী ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন ছাত্র আহত হয়েছেন। প্রচারপত্র বিলি করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।আহত ছাত্ররা হলেন: সমাজতত্ত্ব বিভাগের অজিত চাকমা, নাট্যকলা বিভাগের সোহেল চাকমা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সিমন চাকমা। তাঁদের মধ্যে প্রথমজন শান্তি চুক্তির সমর্থক জনসংহতি সমিতি-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং অন্য দুজন শান্তি চুক্তিবিরোধী ইউপিডিএফ-সমর্থিত ‘ইনডিজেনাস কালচারাল ফোরামের (আইসিএফ) সমর্থক। বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে জানান, বাইরের ঘটনার জের ধরে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জনসংহতি সমিতি-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), বাংলাদেশ মারমা স্টুডেন্ট, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও রাখাইন স্টুডেন্ট ফোরাম যৌথভাবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রতিবাদে আজ বুধবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অজিত চাকমা প্রথম আলোর কাছে দাবি করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় বিক্ষোভ কর্মসূচির প্রচারপত্র বিলি করার সময় ইউপিডিএফ-সমর্থিত আট-নয়জন ছাত্র আমাদের ওপর হামলা করে।’তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ-সমর্থিত সোহেল চাকমা দাবি করেন, শান্তি চুক্তির সমর্থকেরা সাধারণ পাহাড়ি ছাত্রদের ওপর হামলা করেছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান প্রথম আলোকে জানান, রাত আটটার দিকে পাহাড়ি ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠি ও রড দিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়।