আদিবাসী ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় আদিবাসী এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে এ মানববন্ধন হয়। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক বিবিসুৎ ত্রিপুরা, মনীন্দ্র কিশোর ত্রিপুরা ও বরুণ বিকাশ ত্রিপুরা। বক্তারা অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।পুলিশ সূত্র জানায়, গত ৩০ জানুয়ারি বিদ্যালয় থেকে ফেরার পথে পঞ্চম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে উপজেলার গুইমারা থানাধীন মুসলিমপাড়ার এক যুবক।গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন আইচ বলেন, এ ব্যাপারে ৬ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার এক সপ্তাহ পর দায়ের করা অভিযোগের ভিত্তি হিসেবে নির্যাতিতের ডাক্তারি পরীক্ষার প্রমাণপত্র না থাকায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি গৃহীত হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।