আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা সমাধানে কমিশন গঠনের দাবি
উপনিবেশবিরোধী আন্দোলনে দেশের আদিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের স্বাধীনতায়ও তাদের অবদান আছে। কিন্তু স্বাধীন এই দেশে আদিবাসীদের সমস্যার শেষ নেই। আদিবাসীদের এসব সমস্যা সমাধানের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন একটি কমিশন গঠন করা উচিত।সাঁওতাল বিদ্রোহের ১৫৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেছেন। গতকাল সোমবার জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে বেসরকারি সংস্থা অক্সফামের সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে। আগামীকাল (৩০ জুন) পালিত হবে সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৫৫তম বার্ষিকী।অনুষ্ঠানে প্রধান অতিথি ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, বাঙালি, অবাঙালি, সমতল, পাহাড়ি—সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। তার অর্থ এই নয় যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো তাদের নিজস্বতা বিসর্জন দেবে। এসব জনগোষ্ঠী তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেও বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে জাতীয় অগ্রগতিতে অবদান রাখতে পারে।লেখক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘প্রায় পৌনে দুই শ বছর আগে সাঁওতাল জনগোষ্ঠী ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। যেসব দাবি নিয়ে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এবং সিধু-কানহুরা জীবন দিয়েছিলেন, তাঁদের দাবি আজও অপূর্ণ রয়ে গেছে।’ তিনি আরও বলেন, আদিবাসীদের সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করা প্রয়োজন। এ কমিশনে বাঙালি এবং বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে।বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে আদিবাসীদের অবদান অনেক। তাদের ভূমি ও অন্যান্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ রাশেদ খান মেনন, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলনের সহসভাপতি ডালেম চন্দ্র বর্মণ, সহসাধারণ সম্পাদক কেরিনা হাঁসদা, আদিবাসী একটি উন্নয়ন সংগঠনের সভাপতি সুশীল কোচ, বেসরকারি সংস্থা অন্বেষণের নির্বাহী পরিচালক যোগেন্দ্র নাথ সরেন, দিনাজপুর সংগীত ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ গণেশ সরেন প্রমুখ।