আদিবাসী তরুণ-তরুণীদের নাচে-গানে মুখরিত সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের নিয়ে গতকাল শুক্রবার কক্সবাজার সমুদ্রসৈকতে হলো আদিবাসী মেলা। আদিবাসী তরুণ-তরুণীদের নাচে-গানে দিনভর মুখর ছিল সৈকতের লাবণী পয়েন্ট। বেলা সাড়ে ১১টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও চ্যানেল আই যৌথভাবে সৈকতে দ্বিতীয়বারের মতো এ মেলার আয়োজন করে। কেয়াং, খুশি, ত্রিপুরা, মারমা, লুসাই, তাঁত, মুরং, তঞ্চঙ্গ্যা, বম, পাংখোয়া, রাখাইন, বৈশালী, খাসিয়া, মণিপুরি, চাকমা, গারোসহ ১৮টি আদিবাসী গোষ্ঠী এবারের মেলায় অংশ নেয়। ২০০৯ সালের ৩০ জানুয়ারি সৈকতের শৈবাল পয়েন্টে প্রথম আদিবাসী মেলা হয়।শুরুতে বান্দরবানের পাংখোয়ারা বছরের প্রথম জুমচাষের ফসল তোলার আনন্দের গান করে। এরপর একে একে রাঙামাটির চাকমা তরুণীদের বোতল নৃত্য, খাগড়াছড়ির মারমা তরুণীদের পাখা নৃত্য, কক্সবাজারের রাখাইন তরুণীদের নববর্ষের গান ‘ওয়ে তালি নৃত্য’, সিলেটের খাসিয়াদের পান চাষ নিয়ে নৃত্য, বান্দরবানের বম শিল্পীদের শিকারি নৃত্য, ত্রিপুরা তরুণীদের বিয়ের অনুষ্ঠানের নাচ-গান, চাকমা তরুণ-তরুণীদের পাহাড়ের গায়ে জুমচাষ নিয়ে ময়ূর নৃত্য, মারমা তরুণ-তরুণীদের মাছ শিকারের পরে আনন্দের নৃত্যগান এবং লুসাই তরুণ-তরুণীদের বাঁশ নৃত্য দর্শকদের মুগ্ধ করে। হাজার হাজার মানুষ নেচে-গেয়ে আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উত্সব উপভোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তাপ্রধান শাইখ সিরাজ, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল আলম প্রমুখ।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘বাঙালি জাতিসত্তার সঙ্গে মিশে আছে ক্ষুদ্র ক্ষুদ্র ৩৫টি আদিবাসী গোষ্ঠী। তারা বাংলাদেশের সৃজনশীল চেতনাকে সমৃদ্ধ করছে। তারা আমাদের গর্বিত নাগরিক। তাদের ঐহিত্য ও সংস্কৃতিকে লালন এবং বিকশিত করে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে হবে।’স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর আশা প্রকাশ করে বলেন, পর্যটনশিল্পের উন্নয়নে এই উত্সব ভূমিকা রাখবে। পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন বলেন, ‘আদিবাসীরা আমাদের অহংকার। আমরা এদের নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।’মেলায় অংশ নেয় ৪০টি স্টল। সন্ধ্যা পর্যন্ত এসব স্টল ঘুরে ঘুরে আদিবাসীদের তৈরি পোশাক ও কুটিরশিল্পের পণ্য কেনে পর্যটকেরা।