আদিবাসী তরুণীকে ধর্ষণের মামলায় তিনজনের ফাঁসি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আদিবাসী এক তরুণীকে গণধর্ষণের মামলায় তিন যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে আসামিদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া যুবকেরা হলেন কামাল উদ্দিন জুয়েল, ইকবাল হোসেন ও সুমন ওরফে রবি দাশ। বিচারক তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন এবং ওই টাকা ভুক্তভোগী আদিবাসী তরুণীকে দেওয়ার নির্দেশ দেন। দণ্ডাদেশ পাওয়া তিনজনেরই বাড়ি রাঙ্গুনিয়ায়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাছের জানান, ২০১২ সালের ৮ জানুয়ারি রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই আদিবাসী তরুণীকে গাড়িতে তুলে নগরে নিয়ে আসেন দণ্ডিত ব্যক্তিরা। পরে পাঁচলাইশের একটি বাসায় আটকে রেখে তাঁরা তরুণীকে গণধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীর আইনজীবী মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে।’
রায় ঘোষণার পর কারাগারে নিয়ে যাওয়ার পথে তিন যুবক কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।