আদিবাসী তরুণীর ধর্ষণকারীদের ফাঁসির দাবি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি ও ধর্ষিতার বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ফোরামের চট্টগ্রাম অঞ্চল আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক শরৎ জ্যোতি চাকমা।
গত মঙ্গলবার মিরসরাই উপজেলার তালবাড়িয়া আদিবাসীপল্লির এক ত্রিপুরা কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন কিশোরীর বাবা অলিন্দ্র ত্রিপুরা আত্মহত্যা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরৎ জ্যোতি চাকমা বলেন, স্থানীয় ইউপি সদস্য আশরাফ উল্লাহ চৌধুরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এবং আলামত নষ্ট করার জন্য ঘটনার শিকার কিশোরী ও তার মাকে বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরের একটি ঘরে আটকে রাখে। থানায় মামলা কিংবা অভিযোগ না করতে ভয়ভীতি প্রদর্শন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক তাপস হোড়, শক্তিপদ ত্রিপুরা, নারীনেত্রী বিজয় লক্ষ্মী দেবী, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল পালিত প্রমুখ।