আদিবাসী দিবস উদ্যাপন
গতকাল বৃহস্পতিবার রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান। সকাল নয়টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১২ উদ্যাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানসূচি উদ্বোধন করেন শিক্ষাবিদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মানিক লাল দেওয়ান। এরপর রাঙামাটি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রয়াত আদিবাসী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা। উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি রেহমান নাসির উদ্দিন, আঞ্চলিক পরিষদ সদস্য মাধবী লতা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগত জ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, উ রাখাইন কায়েস প্রমুখ।