আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে আদিবাসীদের সঙ্গে বারবার প্রতারণা করে আসছে। বিগত সংসদ নির্বাচনের সময় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলে আবারও প্রতারণা করল। এ প্রতারণা আদিবাসীরা আর মেনে নেবে না। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার রাঙামাটিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এভাবেই তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।এদিকে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার সারা দেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। সব আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জোর দাবি জানান।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: ঝিরঝির বৃষ্টির মধ্যে সকাল থেকে বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষেরা রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে সমবেত হতে থাকে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রয়াত ১১ জন আদিবাসী গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক উপদেষ্টা বিনয় কুমার দেওয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার, আদিবাসী সামাজিক ফোরামের সাধারণ সম্পাদক সুকুমার দেওয়ান প্রমুখ।পরে আদিবাসীরা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।বান্দরবান: সকালে অবিরাম বৃষ্টি উপেক্ষা করে রাজার মাঠে জড়ো হতে থাকে আদিবাসীরা। সকাল সাড়ে ১০টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে সেখান থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার রাজার মাঠে গিয়ে সমবেত হয়।জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচ প্রু মারমার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, সাধুরাম ত্রিপুরা, যুবদলের কেন্দ্রীয় আদিবাসীবিষয়ক সম্পাদক মংশৈম্রা মারমা।খাগড়াছড়ি: সকালে খাগড়াছড়ি আদালতসংলগ্ন রাস্তায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) মানববন্ধন করে।খাগড়াছড়ি সদরের গোলাবাড়িস্থ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসংলগ্ন এলাকা থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে প্রেসক্লাব ঘুরে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাইথোয়াই মারমা, কংচাইরী মাস্টার প্রমুখ।ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ির খবংপড়িয়াস্থ ইয়ং স্টার ক্লাব থেকে যুব শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর এলাকার ঠিকাদার কল্যাণ সমিতি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।জয়পুরহাট: জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে জয়পুরহাটে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে আদিবাসীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ২১ দফা দাবিতে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি দেওয়া হয়।এরপর জয়পুরহাট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস।এ ছাড়া নেত্রকোনার পূর্বধলা, রাঙামাটির বাঘাইছড়ি, খাগড়াছড়ির দীঘিনালা এবং বান্দরবানের রোয়াংছড়ি ও রুমায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়।