আদিবাসী নাচ-গানে জমজমাট আয়োজন
ঘন কুয়াশা সকালের সূর্যকে ঢেকে রাখতে পারলেও গণিতপ্রিয় শিক্ষার্থীদের উজ্জ্বল মুখ ঢাকতে পারেনি। খাগড়াছড়ি ও রাঙামাটির প্রত্যন্ত এলাকার খুদে গণিতবিদেরা গতকাল শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে শুরু করে। সকাল নয়টার মধ্যে বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে খুদে শিক্ষার্থীদের পদচারণে। অনেক শিক্ষার্থীর সঙ্গে আসেন অভিভাবকেরাও।‘মিলেমিশে জল খেলা খেলি/ ও বোন-দিদিরা, ও ভাইয়েরা- এসো এসো’ মারমা আদিবাসীদের সাংগ্রাই উত্সবের নাচ। চাকমাদের জুম নাচ আর ত্রিপুরাদের বোতল নাচগানসহ নানা মজার মজার প্রশ্ন ও উত্তরে জমজমাট হয়ে ওঠে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব-২০১০-এর খাগড়াছড়ি অঞ্চলের উত্সব।সকাল সাড়ে নয়টায় খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ জাতীয় পতাকা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাউদ্দিন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় খাগড়াছড়ি অঞ্চলের গণিত উত্সব। এ সময় জেলা প্রশাসক বলেন, গণিত ভীতি থাকলে বিজ্ঞানে অগ্রগতি অর্জন সম্ভব নয়। আমাদের দেশকে গণিতপ্রিয় ও বিজ্ঞানপ্রিয় দেশ হিসেবে পরিচিত করতে হবে।এরপর সোয়া এক ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। এই পরীক্ষার পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্ব পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। সুন্দরবনের কত অংশ বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে, বায়ু কেন শক্তি নয়, মৌলিক সংখ্যা বের করার কোনো পদ্ধতি আছে কী না, অংক ও গণিতের মধ্যে পার্থক্য কী?—এ ধরনের মজার মজার প্রশ্ন আর উত্তর খাগড়াছড়ি গণিত উত্সবকে জমজমাট করে তোলে।এর আগে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠান পরিবেশন করে।এক মিনিট পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক গণেশ চন্দ্র রায় প্রথম জীবন থেকে দুর্নীতিকে ‘না’ বলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। চট্টগ্রামে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মামুন আবদুল্লাহ নিজেকে বদলে অন্যকে বদলানোর আহ্বান জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক আলমগীর হোসেন বলেন, গণিত চর্চার মাধ্যমে বিজ্ঞানের জয়যাত্রায় শামিল হতে হবে।এ পর্বের শুরুতে শিক্ষার্থীরা মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ নেয়। উত্সবের ব্যবস্থাপনায় ছিল প্রথম আলো খাগড়াছড়ি বন্ধুসভা। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক দীপেশ দাশ উত্সবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। চারটি বিভাগে ৬০ জন বিজয়ী হয়। তারা আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় গণিত উত্সবে যোগ দেবে।গণিত উত্সব উপলক্ষে খাগড়াছড়ি বন্ধুসভা আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।