আদিবাসী নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির কমলছড়িতে সবিতা চাকমা (৩০) নামের এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সন্তু লারমা-সমর্থিত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
গতকাল সোমবার বেলা ১১টায় রাঙামাটির শৈল বিপণিবিতানের সামনে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় তিন বাঙালির নাম উল্লেখ করে অভিযোগ করা হয়, চেঙ্গী নদীর যে স্থানে ওই তিনজনসহ পুনর্বাসিত একদল বাঙালি ট্রাক্টরে বালু তোলার কাজ করছিলেন, তার পাশেই নিহত সবিতা চাকমার ব্যবহূত স্যান্ডেল, সুয়েটার, ঘাস কাটার কাঁচি ও ঘাসের বস্তা পাওয়া গেছে।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় পুনর্বাসিত বাঙালিরা দীর্ঘদিন ধরে আদিবাসীদের জমি দখলের উদ্দেশ্যে সাম্প্রদায়িক নানা অপকর্ম চালিয়ে আসছে। ২০১১ সালের ১ অক্টোবরও প্রতিমা চাকমা নামের এক আদিবাসী নারীকে হত্যা করা হয়েছিল। ওই সময় নিহত নারীর স্বামী থানায় মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি বলে বক্তারা অভিযোগ করেন।
সমাবেশে সবিতা চাকমার ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্থ পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, পুনর্বাসিত বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন এবং পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সঞ্চনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সহসাধারণ সম্পাদক শরৎ জ্যোতি চাকমা প্রমুখ।
গত শনিবার খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের কমলছড়ি চেঙ্গী নদীর চরে সবিতা চাকমা স্বামী দেব রতন চাকমার সঙ্গে ঘাস কাটতে যান। দুপুরের খাবারের জন্য স্বামী বাড়িতে আসেন। এই সুযোগে সবিতা চাকমাকে হত্যা করা হয়। পরে পাশের একটি ঝোপের ভেতর থেকে সবিতা চাকমার প্রায় বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত সবিতা চাকমার স্বামী দেব রতন চাকমা বাদী হয়ে খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার তদন্ত চলছে বলে উল্লেখ করে বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। তবে চেঙ্গী নদী থেকে বালু উত্তোলনকারী শ্রমিকদের সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।