আদিবাসী নারী সেনা কর্মকর্তা লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী নারী সেনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তারকৃত চারজন আদিবাসী তরুণকে গত রোববার আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন: মুক্তবীর চাকমা, শ্যামলজ্যোতি চাকমা, সুপ্রিয় চাকমা ও জিতেন চাকমা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গত শনিবার আদিবাসী নারী সেনা কর্মকর্তা তনয়া চাকমা আত্মীয়ের বিয়েতে খাগড়াছড়ি থেকে রাঙামাটি আসেন। সন্ধ্যায় তাঁর তিন সহকর্মী সেনা কর্মকর্তাকে নিয়ে রাঙামাটি রাজবন বিহার দেখতে যান। এ সময় তাঁরা সবাই সাদা পোশাকে ছিলেন। তনয়া চাকমা কেন বাঙালিদের সঙ্গে বনবিহারে গেছেন এর ব্যাখ্যা চান ওই চার তরুণ। তনয়া চাকমা পরিচয় দেওয়ার পরও তরুণেরা তাঁকে লাঞ্ছিত করেন। এ সময় তাঁর সঙ্গী সেনা কর্মকর্তারা নিজেদের পরিচয় দিয়ে বিষয়টি জানতে চাইলে তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন তরুণেরা। খবর পেয়ে একদল সেনাসদস্য ও পুলিশ বনবিহারে গিয়ে বিহার পরিচালনা কমিটির সহায়তায় চার তরুণকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী বলেন, ‘ঘটনার সঙ্গে যেহেতু সরকারি কর্মকর্তা জড়িত, সে কারণে আমরা বাদী হয়ে মামলা করেছি।’