আদিবাসী নারী হত্যার ঘটনায় ভাশুর গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী নারীকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গতকাল সোমবার তাঁর ভাশুর বিশ্বনাথ মারান্ডিকে (৬০) গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারের পরপরই পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিশ্বনাথকে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশনপাড়া এলাকা থেকে বিশ্বনাথকে গ্রেপ্তার করা হয়। তানোর উপজেলার কমলা ইউনিয়নের চৈতপুর গ্রামে বাড়ি হলেও তিনি আমনুরায় থাকতেন।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, মরিয়মের ছেলের ভাষ্যমতে তাঁর চাচার সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের বিরোধ চলছে। সেই সূত্র ধরে বিশ্বনাথকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান বলেন, তিনি ও থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম গতকাল সারা দিন ওই এলাকায় তদন্তে ব্যস্ত ছিলেন। কিন্তু এখন পর্যন্ত (গতকাল সন্ধ্যা) এ হত্যাকাণ্ডের কোনো সূত্র খুঁজে পাননি।বিবস্ত্র অবস্থায় গাছে বেঁধে রাখা আদিবাসী নারী মরিয়ম মুর্মুর (৫৫) লাশ গত রোববার সকালে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা তাঁর লাশ গাছে ঝুলিয়ে রাখে। মরিয়ম মুর্মু গোদাগাড়ীর সিমলা দীঘিপাড়া গ্রামের একটি বয়স্ক শিক্ষা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।