আদিবাসী নারীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বিউটি পারলারে এক আদিবাসী নারী কর্মীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
১১ সেপ্টেম্বর নগরের লক্ষ্মীপুর এলাকায় সিনোরিতা বিউটি পারলারের কর্মী লিসা রনডিকে প্রতিষ্ঠানের মালিক মহসীন শিকদার মারধর করেন বলে অভিযোগ উঠেছে। লিসা ময়মনসিংহের গারো সম্প্রদায়ের সদস্য। খবর পেয়ে লিসার স্বামী প্রকাশ চিমন সেখানে গিয়ে স্ত্রীকে উদ্ধার করেন। তিনি লিসাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরের দিন লিসা বাদী হয়ে রাজপাড়া থানায় মহসীন শিকদারের বিরুদ্ধে একটি মামলা করেন।
প্রকাশ চিমন বলেন, বর্তমানে মহসীনের সঙ্গে তাঁর (মহসীন) বোনের সম্পর্ক ভালো না। লিসা ওই নারীর বাড়িতে গেলে ক্ষিপ্ত হয়ে লিসাকে মহসীন মারধর করেন।
লিসা অভিযোগ করেন, ওই দিন তাঁকে মহসীন চুল ধরে মেঝের ওপর ফেলে দেন। এতে তাঁর মাথায় ও কপালে ক্ষতের সৃষ্টি হয়। তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এরপর তাঁর পেটে মহসীন লাথি মারেন এবং লঠি দিয়ে পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন।
এদিকে পুরো চিকিৎসা না হতেই হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় লিসাকে। অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসা না পাওয়ার পেছেনে মহসীনের স্ত্রী সোমা শিকদারের হাত রয়েছে। এখন মহসীন মামলা তুলে নেওয়ার জন্য লিসাকে নানাভাবে চাপ দিচ্ছেন।
মানববন্ধনে বক্তারা লিসা রনডিকে নির্যাতনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। বিচারের নামে লোক দেখানো ঘটনা যেন না ঘটে এবং প্রশাসন ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্যাতনকারীরা যেন পার পেয়ে না যান, সে জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মহসীন শিকদার ও সোমা শিকদারের বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি আবেদা রায়হান। বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কল্পনা রায়, সমাজকল্যাণ কমিটির কেন্দ্রীয় সদস্য সমাজসেবী শাহীন আখতার প্রমুখ।
তবে লিসাকে নির্যাতনের ঘটনাটিকে বানোয়াট বলে স্থানীয় একটি পত্রিকায় প্রতিবাদপত্র পাঠিয়েছেন সোমা শিকদার। প্রতিবাদপত্রে তিনি বলেন, লিসা তাঁর কাছ থেকে এক লাখের বেশি টাকা ধার নিয়েছেন। সেটা ফেরত চাইলে লিসা কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যান। এ বিষয়ে রাজপাড়া থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।