আদিবাসী নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রথাগত আইন যুগোপযোগী করা প্রয়োজন
আদিবাসী নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় প্রথাগত আইন যুগোপযোগী করা প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি নিরাপত্তাহীন অবস্থায় থাকেন আদিবাসী নারী। এমনকি ভূমি সমস্যার কারণেও নারীরা সহিংসতার শিকার হন। এ অবস্থার উত্তরণ ঘটাতে পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।
‘পরিবার ও সমাজে আদিবাসী নারীর প্রতি নির্যাতন ও প্রথাগত আইন’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। গতকাল বুধবার বিকেলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ সেমিনার হয়।
সেমিনারে ধারণাপত্র পাঠ করেন আইনজীবী সুস্মিতা চাকমা। নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় আদিবাসীদের প্রথাগত আইন যুগোপযোগী করা, নারীর প্রতি বৈষম্যমূলক ও অমর্যাদাকর প্রথা ও রীতিনীতি বর্জন, প্রথাগত প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে নারীদের নিয়োগ দেওয়া, সামাজিক বিচারের শুনানিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, আদিবাসী নারীদের ওপর সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ ১২টি সুপারিশ তিনি উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার বলেন, সমাজে বৈষম্য থাকলে নারীর অধিকার প্রতিষ্ঠা কঠিন। উন্নয়ন ও সমতা সৃষ্টিতে নারী-পুরুষের একসঙ্গে কাজ করে যেতে হবে।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি জড়িতা চাকমা, মানবাধিকারকর্মী দীপায়ন খীসা, হিমাওয়ান্তির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি টুকু তালুকদার, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক থোয়াই অং মারমা, নারী গ্রামপ্রধান (কার্বারি) মনিষা চাকমা, নারী অধিকারকর্মী এ্যানি চাকমা প্রমুখ।
সেমিনারের আয়োজক ছিল বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও বেসরকারি সংগঠন প্রোগ্রেসিভ। সভাপতিত্ব করেন প্রোগ্রেসিভের চেয়ারপারসন সুচরিতা চাকমা।