সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
আদিবাসী নারীর অধিকার সুরক্ষায় শান্তিচুক্তি বাস্তবায়নের বিকল্প নেই
আদিবাসী নারী ও শিশুদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল রোববার রাজধানীতে ‘আদিবাসী নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা: ইউপিআরে সরকারের প্রতিশ্রুতি’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক সংগঠন অ্যাকশনএইডের সহযোগিতায় বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের মূলে রয়েছে ভূমি। আদিবাসী নারীকে নির্যাতন করে ভূমি থেকে উচ্ছেদ করতে পারলেই তাঁদের ভূমি দখলদারদের হয়ে যাবে, ধারণা থেকে তাঁদের ওপর নির্যাতন বাড়ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবিসহ সমতলের বিভিন্ন জায়গায় সামাজিক বনায়ন কর্মসূচিসহ আদিবাসী বিতাড়নের নানা কর্মসূচি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘আদিবাসীদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সামরিক বাহিনীর সঙ্গে আলাপ-আলোচনা জরুরি। আমরা এ ধরনের আলোচনার প্রয়াসী। নতুন সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করব। এর মাধ্যমে আস্থার পরিবেশ তৈরি করতে চাই।’ তিনি জানান, দেড় বছর আগেও এ ধরনের আলোচনার কথা তিনি জানিয়েছিলেন। রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় এ আলোচনা সম্ভব হয়নি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক চৈতালী ত্রিপুরা। এতে তিনি বলেন, আদিবাসী নারী ও শিশুর ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে নারীর সুবিচার ও ন্যায্যতা পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যা আইনি সহায়তার অভাব। আদিবাসীরা অধিকাংশ ক্ষেত্রে আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে মামলা পরিচালনার খরচ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হয় না। জাতীয় পর্যায়ের অনেক মানবাধিকার সংস্থাকে এ ক্ষেত্রে সময় বিশেষে এগিয়ে আসতে দেখা গেলেও তা অপ্রতুল ও সাময়িক।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়ক, মানবাধিকারকর্মী খুশী কবির, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, অ্যাকশনএইডের পরিচালক আসগর আলী সাবরি, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, নারীপক্ষের সদস্য কামরুন নাহার প্রমুখ।