আদিবাসী নারীর ওপর সহিংসতা বাড়ছে
আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনা বাড়ছে। পার্বত্য চট্টগ্রামে নির্যাতনের হার সবচেয়ে বেশি। বেশির ভাগ ক্ষেত্রে অপরাধের কোনো বিচার হচ্ছে না। মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।আদিবাসীদের মানবাধিকারবিষয়ক প্রতিষ্ঠান কাপেং ফাউন্ডেশন বলছে, এ বছর নভেম্বর মাস পর্যন্ত আদিবাসী নারীদের বিভিন্নভাবে নির্যাতন ও নিগৃহীত করার ৫১টি ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে হত্যা, ধর্ষণ ও যৌন হয়রানি।কাপেংয়ের সমন্বয়কারী মঙ সিং ঞো জানান, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং নিজেদের অনুসন্ধানের ভিত্তিতে তাঁরা মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। কাপেংয়ের হিসাবে, আদিবাসী নারী নিপীড়নের ঘটনার সংখ্যা ২০১১ সালে ছিল ৩১টি। তিন বছর আগে ২০০৮ সালে ঘটেছিল মাত্র চারটি। কাপেং ফাউন্ডেশনের হিসাবে, গত বছর শুধু পার্বত্য চট্টগ্রামে ১০ আদিবাসী নারী ধর্ষণের শিকার হন। সেখানে এ বছর এ পর্যন্ত ধর্ষিতের সংখ্যা ২০। সমতলে ২০১১ সালে ধর্ষণের ঘটনা ছিল একটি, এ বছর হয়েছে দুটি। অথচ ২০০৮ থেকে ২০১০—এই তিন বছরে সারা দেশে আদিবাসী নারী ধর্ষণের সংখ্যা ছিল ১২টি। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ধর্ষণের ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই অপরাধী বাঙালি।বাংলাদেশ মহিলা পরিষদের সংগৃহীত তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে নারী নির্যাতনের ঘটনা গত বছরের তুলনায় এ বছর কম। জাতীয় দৈনিকের প্রতিবেদনের ভিত্তিতে সংগঠনটির করা হিসাব অনুযায়ী, ২০১১ সালে দেশে ছয় হাজার ৬১৬ জন নারী নির্যাতনের ঘটনা ঘটে। এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এর সংখ্যা চার হাজার ৮৫৪।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল মনে করেন, অপরাধীর শাস্তি না হওয়ায় নির্যাতনের সংখ্যা বাড়ছে। পার্বত্য চট্টগ্রামে নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব পাহাড়ের স্বার্থান্বেষী মহলকে নিপীড়নে উৎসাহিত করছে।মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ১৫ জুলাই জানানো হয়, ২০১০ ও ২০১১ সালে তিন পার্বত্য জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৫৬টি মামলা হয়। এর মধ্যে ১৮টি ধর্ষণের। ৩৮টি মামলার অভিযোগপত্র এবং ১৩টির চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। রায় হয়েছে ছয়টির। এর একটিতেও অভিযুক্ত ব্যক্তির শাস্তি হয়নি বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়।পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত হওয়ার অভিযোগ আছে। খাগড়াছড়ির দীঘিনালায় এক ত্রিপুরা আদিবাসী শিশুকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রাসেল রানা (২১) নামে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ বছরই পাহাড়ে এমন একাধিক ঘটনার অভিযোগ আছে।বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম মনে করেন, আদিবাসীদের স্বীকৃতির প্রশ্নে রাষ্ট্রীয় অনীহা এবং এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ‘অনমনীয় মনোভাব’ নির্যাতনের ঘটনা বাড়ার অন্যতম কারণ।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মনে করেন, আদিবাসীদের অধিকারের প্রশ্নে সরকারের অবস্থান নেতিবাচক নয়। তাঁর মতে, পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের সংখ্যা বাড়ছে তার কারণ, সেখানে পার্বত্য চুক্তির বিরোধিতাকারী শক্তি খুব সক্রিয়। পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা সেনা উপস্থিতিকে বৈধতা দিতে সচেষ্ট।তবে বাস্তব পরিস্থিতি ‘এত খারাপ নয়’ বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সব জাতি বা গোষ্ঠীর মানুষের অধিকার রক্ষায় সরকার সচেষ্ট। পার্বত্য চুক্তির আগে এবং পরের পরিস্থিতি মূল্যায়ন করলেই তা বুঝতে পারবেন।’ (প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন হরিকিশোর চাকমা, রাঙামাটি; পলাশ বড়ুয়া, দীঘিনালা, খাগড়াছড়ি)।