আদিবাসী নারীর প্রতি সহিংসতার হার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীর প্রতি সহিংসতার হার বেশি। চলতি বছরের মার্চ-এপ্রিলে সহিংসতার এই হার ছিল ৩৯ শতাংশ। মে-জুনে ছিল ২০ এবং আগস্ট-অক্টোবর পর্যন্ত এই হার ছিল ৩৫ শতাংশ। রাঙামাটিতে আয়োজিত এক কর্মশালায় পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী ১৬ দিনের প্রচারণা কর্মসূচির প্রথম দিন গত রোববারের কর্মশালায় এ চিত্র তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও গবেষক মেঘনা গুহঠাকুরতা। ইউএনডিপি, সিএইচটিডিএফ ও পার্বত্য চট্টগ্রামের নারীদের নেটওয়ার্ক-ভিত্তিক সংগঠন সিএইচটিওএন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।এর আগে সকাল সাড়ে নয়টায় রাঙামাটি পৌরসভা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার জানান, পার্বত্য চট্টগ্রামে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাস, চাঁদাবাজি দূর করতে হবে। সমাজকে নিরাপদ করা গেলে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে।বিশেষ অতিথি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এ-দেশীয় পরিচালক স্টেফান প্রিজনার জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা গেলে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। এ সময় আরও বক্তৃতা করেন ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) পরিচালক হেনরিক ফ্রেডবর্গ লারসন। উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, পুলিশ সুপার মাসুদ-উল হাসান ও পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী। পরে পৌরসভা চত্বর থেকে জেলা প্রশাসন কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।বেলা ১১টায় শহরের রাজবাড়ি এলাকার আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘নিরাপদ ঘর, নিরাপদ সমাজ: পার্বত্য চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এখনই’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধে মেঘনা গুহঠাকুরতা জানান, পাহাড়ে নারীদের মধ্যে আইনি সচেতনতার মারাত্মক অভাব লক্ষ করা যায়। আইনি সচেতনতার শিক্ষণ পাহাড়ি নারীদের দৈনন্দিন জীবনের সঙ্গে কীভাবে আরও প্রাসঙ্গিক ও অর্থবহ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে।প্যানেল আলোচক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান জানান, নারীরা ঘরে নিরাপদ নন, বিদ্যালয়ে, জুমে ও ঘাটে যেতে তাঁরা নিরাপদ নন। তাঁদের নিরাপত্তার জন্য পুরুষকে এগিয়ে আসতে হবে। তাঁদের প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে।সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন মো. কবির ভূঁইয়া জানান, আইনি দুর্বলতার কারণে নারীর প্রতি সহিংসতার শতভাগ প্রমাণ করা সম্ভব হয় না। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও তাঁদের প্রতি সংবেদনশীল দৃষ্টি দিয়ে তদন্তপ্রক্রিয়া চালানো হয়।