আদিবাসী নারীর বসতভিটা দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে আদিবাসী বিধবা নারীর ঘরবািড় ও বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে ও স্থানীয় লোকজনের কাছে জানা যায়, ১৯৭২ সালের দিকে আদিবাসী দিনবন্ধু দাস নামের এক ব্যক্তি ধুনট উপজেলার চর চৌকিবাড়ি গ্রামে ১০ শতক জমি কেনেন৷ সেখানে দ্বিতীয় স্ত্রী গীতা রানী দাস ও বড় স্ত্রীর ছেলে পণ্ডিতা দাসকে রেখে পাঁচ বছর আগে দিনবন্ধু মারা যান। দিনবন্ধু দাসের মৃত্যুর পর পণ্ডিতা দাস তাঁর সৎমা গীতা রানীকে ভরণপোষণ দেননি। তাই গীতা রানী ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ান অন্যের দ্বারে দ্বারে। স্বামীর রেখে যাওয়া জায়গায় ছোট একটি টিনের ঘরে গীতা রানীর বসবাস। এ অবস্থায় প্রায় এক বছর আগে সেখানে সৎমাকে একা রেখে পণ্ডিতা দাস গোপনে পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই সুযোগে ৭ জুন সকাল ১০টার দিকে একই গ্রামের আজুরুদ্দিন শেখ লোকজন নিয়ে পণ্ডিতার রেখে যাওয়া দুটি ঘর দখলে নেন। সেই সঙ্গে গীতা রানীর বসতঘরের পাশে আরেকটি টিনের ঘর তুলে বসতভিটা দখলে নেন। এ ঘটনার প্রতিকার চেয়ে বুধবার সকালে গীতা রানী ইউএনও ও পুলিশ পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেন।
আজুরুদ্দিন শেখ বলেন, ‘প্রায় এক বছর আগে আড়াই লাখ টাকা দিয়ে পণ্ডিতা দাসের কাছ থেকে দুটি ছোট টিনের ঘরসহ ১০ শতক জমি কিনে নিয়েছি।’ তবে আজুরুদ্দিন শেখের কাছে ওই জমির দলিল দেখতে চাইলে অফিসে আছে বলে তা তিনি দেখাতে পারেননি।
গীতা রানী দাস বলেন, স্বামীর বসতভিটা ও ছেলের ঘর বেচাকেনার বিষয়ে কেউ তাঁকে কিছুই জানায়নি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিস কুমার সাহা বলেন, হিন্দু পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতার কারণে ওই গ্রামের কয়েকটি পরিবার অন্যত্র চলে গেছে। তাঁরা প্রশাসনের সহযোিগতা কামনা করে এ ঘটনার নিন্দা জানান।
ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ‘বিধবার বািড়ঘর দখলের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও হাফিজুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে উপজেলা ভূমি কর্মকর্তাদের প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।