আদিবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
রাঙামাটি সদর উপজেলার কামিলাছড়ি মৌজায় বন বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে জুমচাষে বাধা দেওয়া ও এক আদিবাসী নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। মৌজাপ্রধান (হেডম্যান) বিষয়টি নিশ্চিত করলেও বন বিভাগ অভিযোগ অস্বীকার করেছে।স্থানীয়দের অভিযোগ, গতকাল সোমবার সকাল নয়টার দিকে একটি গাড়িতে করে দক্ষিণ বন বিভাগের কাপ্তাই সহকারী বন সংরক্ষক (এসিএফ) জাহিদুর রহমান, চালক ফরিদ, বনকর্মী লিয়াকতসহ পাঁচজন কাপ্তাই-আসামবস্তী সড়কের কামিলাছড়ি মৌজার কামিলাছড়িমাথা এলাকায় গিয়ে আদিবাসীদের জুমচাষের প্রস্তুতির সময় বাধা দেন। এ সময় একজন আদিবাসী নারীকে সড়ক থেকে ৩৫০ থেকে ৪০০ গজ দূরে একটি পাহাড়ের ঢালুতে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।স্থানীয় জুমচাষি রঞ্জিত চাকমা (৩৫), রমেশ চাকমা (৩৪), সাধন চাকমা (৪৫), আন্না চাকমাসহ অনেকে জানান, বন বিভাগের লোকজনের হুমকি-ধমকিতে তাঁরা নিজ নিজ বাড়ির দিকে রওনা দেন। এ সময় হঠাৎ করে চিৎকার শুনে দেখতে পান ওই নারী হাতে দা নিয়ে এদিক-ওদিক করছেন। আর তাঁকে ঘিরে রয়েছেন বন বিভাগের লোকজন। তখন সবাই চিৎকার দিয়ে এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান। ওই আদিবাসী নারী জানান, তিনি সেখানে বীজ রোপণের জন্য আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় এসিএফ জাহিদ তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন।এসিএফ জাহিদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। সেখানে বন বিভাগের কোনো কর্মী যাননি বলে তিনি দাবি করেন। তিনি ওই জায়গাটি বন বিভাগের কাপ্তাই রেঞ্জের আওতাধীন বলে দাবি করেন।তবে কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান বনকর্মীদের বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ (মঙ্গলবার) বিষয়টি ফয়সালা না হলে মামলা করা হবে বলে তিনি জানান।