
সারা দেশে ২০০৭ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ২৪৫ জন আদিবাসী নারী যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮৯ শতাংশ ঘটনা ঘটেছে বাঙালিদের দ্বারা। আর ৭ শতাংশ আদিবাসী ও ৪ শতাংশ ঘটনা ঘটেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে।
এ ছাড়া বিভিন্নভাবে আদিবাসী নারীদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু এসব ঘটনার বিচার হচ্ছে না। বরং নানাভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
কাপেং ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সংগঠনটি আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করে। গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান সম্মেলনকক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় এ প্রতিবেদন উপস্থাপন করেন কাপেং ফাউন্ডেশনের গবেষণা সমন্বয়কারী বিপাশা চাকমা।
সাংসদ হাজেরা সুলতানা বলেন, ‘আদিবাসীদের নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে লড়াই করেছি। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাহলে কিসের শান্তিচুক্তি হলো। যদি শান্তিচুক্তি বাস্তবায়িত হতো, ক্যাম্প তুলে নেওয়া হতো, পুনর্বাসিত বাঙালিদের (স্যাটেলার) তুলে নেওয়া হতো, তাহলে আজ এ সমস্যাগুলো এভাবে থাকত না।’ তিনি বলেন, আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হবে।
তথ্য কমিশনার সাদেকা হালিম শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু চুক্তি হয়েছে, কিন্তু শান্তি হয়নি।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, আদিবাসীদের ওপর এমন বর্বরতা বিরাজ করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে, যেন তাঁরা জমি ছেড়ে চলে যান।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং বলেন, আদিবাসীদের প্রতি রাষ্ট্রের পুরো দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আদিবাসীদের অধিকার রক্ষায় তিনি ‘জাতীয় আদিবাসী কমিশন’ গঠন করার দাবি জানান।
কাপেং ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন চৈতালি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন আইনজীবী সারা হোসেন, সাংবাদিক আবু সাঈদ খান, মানবাধিকারকর্মী পল্লব চাকমা প্রমুখ।