আদিবাসী নেত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে আদিবাসী নেত্রীকে ধর্ষণ এবং সাম্প্রতিক বিভিন্ন জেলায় তিনজন আদিবাসীকে হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ও এম এন লারমা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, মহিলা সমিতি ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।
বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী নারী শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি না হওয়ায় নির্যাতন বাড়ছে। বক্তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসী নারী শিশু ধর্ষণ ও হত্যার সব ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলা সমন্বয়কারী নাই উপ্রু মারমা মেরী, সাবেক ছাত্রনেতা ত্রিজিনাদ চাকমা।