আদিবাসী নেত্রীর ওপর হামলার প্রতিবাদে ২৭ আগস্ট লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদিবাসী নেত্রীর ওপর হামলার প্রতিবাদে ও ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ২৭ আগস্ট লংমার্চ (গণপদযাত্রা) কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। একই সঙ্গে সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানানো হয়।
গতকাল মঙ্গলবার নাচোল আদিবাসী একাডেমী মিলনায়াতনে এক প্রস্ততি সভায় এ ঘোষণা দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন।
জাতীয় আদিবাসী পরিষদ সূত্রে জানা গেছে, ২৭ আগস্ট গোমস্তাপুরের আড্ডার মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এ লংমার্চ কর্মসূচি পালিত হবে। লংমার্চ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
নাচোল আদিবাসী একাডেমীর সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে প্রস্তুতি সভায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বিভিন্ন উপজেলার আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য দেন রবীন্দ্রনাথ সরেন, নাচোল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিমা রানী রাজোয়ার, বঙ্গপাল সর্দার, রাজকুমার শাঁও, জহরলাল এককা, বাবুলাল টপ্প্য, যতিন হেমব্রম, নিতাইচন্দ্র বর্মণ, শুভংকর পাহান প্রমুখ।
বক্তারা বলেন, ভূমিদস্যুরা আদিবাসী নেত্রীর ৪৮ বিঘা জমি দখল করতে তাঁর ওপর হামলা ও যৌন নির্যাতন চালিয়েছেন। একজন নেত্রী ও জনপ্রতিনিধির ওপর হামলায় বৃহত্তর রাজশাহী অঞ্চলের আদিবাসীরা উদ্বেগের মধ্যে রয়েছে। শুধু ওই আদিবাসী নেত্রীই নন, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য চরমে পৌঁছেছে। এদের মোকাবিলা করতে না পারলে আদিবাসীরা বিপন্ন অবস্থায় পড়বে।