আদিবাসী পরিষদ ও ছাত্র পরিষদের মানববন্ধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৬ পালন উপলক্ষে আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখা ও আদিবাসী ছাত্র পরিষদ গতকাল সোমবার দিনাজপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।
বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলার সভাপতি শীতল মারডী। এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিত করা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা, ২০০৭ সালে জাতিসংঘ ঘোষণা অনুযায়ী তাদের সনদ বাস্তবায়ন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পৃথক ভূমি কমিশন গঠন, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ, অর্পিত সম্পত্তি আইন বাতিলসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ওপর সব ধরনের নির্যাতন-জুলুম বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার মহিলাবিষয়ক সম্পাদক শিবানী উরাঁও, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সোহেল পিতর মুরমু, সাধারণ সম্পাদক রুবেল টুডু, দপ্তর সম্পাদক মঙ্গল হেমরম প্রমুখ উপস্থিত ছিলেন। একই দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।