আদিবাসী পল্লিতে খাঁচি তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে জয়পুরহাটের খঞ্জনপুর মাহালীপাড়ার আদিবাসী মাহালী সম্প্রদায়ের নারী-পুরুষেরা প্রতিবছরের মতো কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন। তাঁরা দিন-রাত বাঁশের খাঁচি তৈরি করছেন।বছরের বাকি ১১ মাস কাজ না থাকলেও রোজার ঈদের আগে এই এক মাস এখানে সবারই কর্মব্যস্ততা বেড়ে যায়। ঈদের আগে কারখানাগুলোতে সেমাই তৈরির পর বাঁশের খাঁচিতে তা ভর্তি করে কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। আর এ জন্য প্রতিবছর রোজার ঈদের আগে বাঁশের খাঁচির চাহিদা ব্যাপকহারে বেড়ে যায়। জয়পুরহাট শহর থেকে চার কিলোমিটার পশ্চিমে খঞ্জনপুর মাহালীপাড়ায় গিয়ে দেখা যায়, নারী-পুরুষেরা খাঁচি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সুভাষ চন্দ্র মাহালী (৭০) জানান, মাহালীপাড়ায় ৪২টি পরিবারে প্রায় ৩০০ নারী-পুরুষ রোজার শুরু থেকেই দিন-রাত খাঁচি বানাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বছরের বাকি ১১ মাস অল্প কাজ করে তাঁদের দিন চলে না। কিন্তু রোজার ঈদের আগে সেমাই রাখার খাঁচির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। ২০ কেজি সেমাই রাখার একটি খাঁচি ৩৫-৩৭ টাকায় বিক্রি হয়। একটি বাঁশ ১৩০-১৫০ টাকায় কিনতে হচ্ছে। একটি বাঁশ থেকে নয়টি খাঁচি তৈরি করা যায়। প্রতিদিন ব্যবসায়ীরা এসে রিকশা-ভ্যানে করে জেলার বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন খাঁচি। এখান থেকে প্রতিদিন ৪০০-৫০০ খাঁচা বিক্রি হচ্ছে। রোজার মাসে তাঁর ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন সুভাষ মাহালী। খাঁচা তৈরির কারিগরেরা জানান, বাঁশের দাম বেড়ে যাওয়ায় বাঁশের তৈরি গৃহস্থালীর পণ্যের জায়গা দখল করেছে প্লাস্টিক সামগ্রী। এতে বাঁশের পণ্যের কদর কমে গেছে। এ কারণে তাঁদের বছরের ১১ মাস অর্ধাহারে থাকতে হচ্ছে। ওই পাড়ার মিনতি মাহালী, সুনীল মাহালী, স্বরধনি মাহালী জানান, এখন খাঁচির বিপুল চাহিদা থাকায় তাঁরা পরিবারের সবাই মিলে রাত-দিন কাজ করছেন। সদর উপজেলার সগুনা গ্রামের সেমাই ব্যবসায়ী ইউনুছ আলী ও শাহিন রহমান জানান, রমজান মাসে ২৫০-৩০০ খাঁচি তাঁদের কিনতে হয়। ভ্যানচালক আবদুল করিম জানান, সেমাই ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক তিনি প্রতিদিন বিভিন্ন এলাকায় ভ্যানে করে খাঁচি পৌঁছে দেন। এ মাসে তাঁর রোজগার অনেক ভালো।