আদিবাসী প্রসঙ্গে সরকারের মধ্যেই মতবিরোধ
বিশ্ব আদিবাসী দিবসের কোনো অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অংশ না নেওয়া এবং কোনো সহযোগিতা বা পৃষ্ঠপোষকতা না করার সরকারি নির্দেশনার ব্যাপারে মহাজোট সরকারের মধ্যে মতভিন্নতা সৃষ্টি হয়েছে। একাধিক মন্ত্রী এবং ক্ষমতাসীন মহাজোটের কয়েকজন সাংসদ প্রকাশ্যে সরকারের এ অবস্থানের বিরোধিতা করছেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই নির্দেশনাসংবলিত একটি চিঠি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় জেলা প্রশাসকদের কাছে একই নির্দেশনাসংবলিত সার্কুলার পাঠায়। এর পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে।গত রোববার এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মহাজোটের সাংসদ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সরকারের ওই নির্দেশনা ও অবস্থানের তীব্র সমালোচনা করেন।সরকারি সূত্র জানায়, স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি প্রকাশের আগে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সরকারকে এই বলে সতর্ক করে দেওয়া হয়, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরও গণমাধ্যমে এবং বিভিন্ন সভা, সেমিনার, বক্তৃতা অনুষ্ঠানে আদিবাসী শব্দটি ব্যবহূত হচ্ছে। এটা চলতে থাকলে সংবিধানবহির্ভূত হওয়া সত্ত্বেও এক সময় আদিবাসী শব্দটি প্রচলিত হয়ে যেতে পারে। ভবিষ্যতে তা আবার সংবিধানে যুক্ত করার দাবিও উঠতে পারে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলারে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলা হয়েছে, দেশের ‘উপজাতীয়’ জনগোষ্ঠী হচ্ছে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’। ‘এ দেশে কোনো আদিবাসী নেই’। চিঠিতে আরও বলা হয়েছে, ‘আগস্ট মাস জাতীয় শোকের মাস, তাই এ মাসে আদিবাসী দিবসের নামে অপ্রয়োজনীয় আনন্দ অনুষ্ঠান পরিহার করা বাঞ্ছনীয়।’তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ১৮.২ ধারায় উল্লেখ আছে, ‘পার্বত্য চট্টগ্রামসহ অনগ্রসর অঞ্চলসমূহের উন্নয়নে বর্ধিত উদ্যোগ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আদিবাসী ও অন্যান্য সম্প্রদায়ের অধিকারের স্বীকৃতি এবং তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও জীবনধারার স্বাতন্ত্র্য সংরক্ষণ ও তাদের সুষম উন্নয়নের জন্য অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।’ইশতেহারের ‘ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর অঞ্চল’ শীর্ষক অনুচ্ছেদেও ‘আদিবাসীদের জমি, জলাধার এবং বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠন’ এবং আরও অনেক সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।আদিবাসী শব্দের ব্যাপারে সরকারের অবস্থান পাল্টানোর কারণ সম্পর্কে সরকারি সূত্রগুলো জানায়, জাতিসংঘ আদিবাসীদের অধিকার সংরক্ষণে কিছু অবশ্য পালনীয় শর্ত আরোপ করেছে। কোনো দেশ এই শর্তগুলো পালন না করলে শান্তিরক্ষী মিশনসহ জাতিসংঘের বিশেষ কিছু কর্মকাণ্ডে ওই দেশের অংশগ্রহণ বিঘ্নিত হতে পারে।কাজেই যদি দেখানো যায় যে এ দেশে কোনো আদিবাসী নেই, তাহলে আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ বা অধিকার প্রতিষ্ঠার ওই সব শর্ত পূরণেরও প্রশ্ন থাকে না। এ কারণে সরকার বলতে চায়, এ দেশে কোনো আদিবাসী নেই।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা প্রথম আলোকে বলেন, আদিবাসীদের আশা-আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করে, এমনকি আওয়ামী লীগ নিজেদের নির্বাচনী ইশতেহারকে নিজেরাই উপেক্ষা করে আদিবাসীদের ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছে, যা আদিবাসী জনগণ গ্রহণ করেনি। এমনকি সংবিধানে ৬(ক) ধারার মাধ্যমে আদিবাসী-বাঙালি নির্বিশেষে দেশের সব জনগণকে ‘বাঙালি’ হিসেবে আখ্যায়িত করে আদিবাসীদের আত্মপরিচয় অস্বীকার করা হয়েছে।