আদিবাসী-বাঙালি সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী গৃহবধূ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে আদিবাসী ও বাঙালি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
১৫ ফেব্রুয়ারি কমলছড়ি গ্রামের অদূরে চর এলাকার শিমগাছের ঝোপের নিচ থেকে আদিবাসী গৃহবধূ সবিতা চাকমার (৩০) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে ওই চর এলাকা থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত ট্রাক্টরচালক ও শ্রমিকদের সন্দেহ করা হয়।
বাঙালি ছাত্র পরিষদ গতকাল বেলা ১১টায় আদিবাসী গৃহবধূর হত্যায় বাঙালিদের দোষারোপ করার প্রতিবাদে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, তদন্ত না করে আদিবাসীদের হত্যাকাণ্ডের জন্য বাঙালিদের দায়ী করা হচ্ছে এবং কমলছড়ি গ্রাম দিয়ে কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না।
মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, বাঙালি ছাত্র পরিষদের সভাপতি শাহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম রানা ও পানছড়ি উপজেলার বাঙালি ছাত্র পরিষদের নেতা মো. এরশাদ। মানববন্ধন থেকে বাঙালিরা ফেরার পথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। তাঁরা হলেন অর্ণব চাকমা (৩৫), আনন্দ লাল চাকমা (৫৫), জাহাঙ্গীর আলম (৪২), আশরাফুল আলম (১৮), মো. শামীম (১৮) ও সাইদুর রহমান (২৫)।
কমলছড়ি গ্রামের বৃদ্ধ নিবারণ চাকমা (৭০) বলেন, গতকাল ছিল নিহত সবিতা চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান। এ উপলক্ষে গ্রামের লোকজন তাঁর বাড়িতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। দুপুর ১২টার দিকে তিনটি জিপগাড়ি নিয়ে বাঙালিরা স্লোগান দিতে দিতে কমলছড়ি গ্রামের মধ্যে চলে আসেন। এ অবস্থায় অনুষ্ঠানে আসা লোকজনও উত্তেজিত হয়ে মিছিলকারীদের গাড়ি আটকে দেন। পরে গ্রামের মুরব্বিদের হস্তক্ষেপে মিছিলকারীরা চলে যান। এরপর বাঙালিরা সংঘবদ্ধ হয়ে কমলছড়ি গ্রামে হামলা চালান। এতে দুই আদিবাসী আহত হন।
ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কমলছড়ি গ্রামে মহালছড়ি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল শহীদুল ইসলাম, খাগড়াছড়ি সদর সেনা জোনের কমান্ডার লে. কর্নেল আলী রেজা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম সেখানে যান।