আদিবাসী-বাঙালির মিলনে মুখর গ্রামীণ মেলা
হই হই হই জুমত যেবং, জুমত যেইনে গোচ্ছে সুধো তুলিবং, গোচ্ছে সুধো বেঝিনে টেঙা হামেবং (হই হই হই জুমে যাব, জুমে গিয়ে তিল সুতা তুলব, তিল সুতা বেচে টাকা কামাব)—এমন আদিবাসী গান, নাচ আর বাঙালির বাউল গানে তিন দিন মুখর ছিল রাঙামাটি। রাঙামাটিতে তিন দিনব্যাপী চলা গ্রামীণ জীবনযাত্রা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো গত শনিবার।স্থানীয় বেসরকারি সংস্থা টংগ্যা ও অক্সফাম জিবির যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয় রাঙামাটির আউটার স্টেডিয়ামে। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিং কিউ রোয়াজা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান।মেলা চলাকালে ‘জলবায়ু পরিবর্তন: বর্তমান নির্মম বাস্তবতা’, ‘আদিবাসী নারী উত্তরাধিকার: প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম’ ও ‘পার্বত্য চট্টগ্রামে জুমচাষ: পরিবেশগত পরিস্থিতি ও সুপারিশমালা’ শীর্ষক তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপন করেন সেঁজুতি খীসা, শিউলী চাঁপা চাকমা ও কাজল তালুকদার। বিভিন্ন স্টলে আদিবাসীদের জুম চাষে ব্যবহূত বিভিন্ন সামগ্রী, আদিবাসী পিঠা, সবজি, বনৌষধি, জুম তুলায় তৈরি পোশাক-পরিচ্ছদ প্রদর্শন ও বিক্রি করা হয়।মেলার আহ্বায়ক রূপক খীসা বলেন, ‘সমকালীন বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় এমন মেলার বিকল্প নেই। এই মেলায় দুর্গম এলাকা থেকে আসা আদিবাসীদের অভিজ্ঞতা শুনে আমরা অভিভূত। আর আদিবাসীরা বাঙালির বাউল গান শুনে মুগ্ধ।’