আদিবাসী-বাঙালির স্বেচ্ছাশ্রমে কলেজ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কলেজ মাত্র একটি। নাম দীঘিনালা ডিগ্রি কলেজ। বাবুছড়া ইউনিয়ন থেকে ওই কলেজের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। তাই এলাকার শিক্ষার্থীদের জন্য ইউনিয়নেই একটি কলেজ করার স্বপ্ন ছিল বাবুছড়ার আদিবাসী-বাঙালি সবার। সে স্বপ্ন পূরণ করতে স্বেচ্ছাশ্রমে নির্মাণ করছেন বাবুছড়া কলেজ।
বাবুছড়ার নোয়াপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, শতাধিক মানুষ একটি জমিতে ঘর তৈরির কাজ করছেন। সব বয়সী মানুষ কাজে ব্যস্ত। বাঙালি-আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কেউ খুঁটি পুঁতছেন, কেউ বাঁশের বেড়া বানাচ্ছেন আর কেউ বা কাঠ কাটছেন।
দীঘিনালা ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র জুয়েল চাকমা বলে, ‘নতুন কলেজ গড়ার কাজে একটু হলেও শ্রম দিতে পেরেছি। এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না।’ অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণ কুমার চাকমা বলেন, তাঁর তিন ছেলে ও তিন মেয়ে। সবাই উচ্চশিক্ষিত। তাঁর ছেলেমেয়েরা অনেক কষ্ট করে দূরে গিয়ে পড়াশোনা করেছেন। তাঁর আশা, আগামী প্রজন্ম যেন বাবুছড়া কলেজ থেকেই উচ্চশিক্ষা নিতে পারে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান পরিতোষ চাকমা বলেন, গত ১৭ জানুয়ারি এলাকার সব শ্রেণি-পেশার মানুষ বৈঠক করে কলেজ নির্মাণের সিদ্ধান্ত নেন। ৮ জুন সকাল থেকে শুরু হয় কাজ। গত সোমবার ছাতারাছড়া, মইগ্যাকার্বারী পাড়া, বাঘাইছড়ি মুখ ও দক্ষিণ বাবুছড়া গ্রামের মানুষ কাজ করছেন। গত মঙ্গলবার বাবুছড়া বাজার এলাকার শতাধিক বাঙালি কাজে হাত লাগিয়েছেন।
বাবুছড়া কলেজ নির্মাণ ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, কলেজ প্রতিষ্ঠার জন্য ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কলেজের জন্য পূর্ণ চন্দ্র চাকমা ৯৪ শতক জমি দান করেছেন।
বাবুছড়া কলেজ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা তরুণ কান্তি চাকমা বলেন, কলেজে শিক্ষক, শিক্ষিকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। চলতি বছর থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষা বোর্ডে পাঠদানের অনুমতির জন্য আবেদন করা হবে।