আদিবাসী বিদ্যালয় নির্মাণে এগিয়ে এল বন্ধুসভা
নওগাঁর মহাদেবপুর উপজেলার বড় মহেশপুর আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের অসমাপ্ত কাজ শেষ করতে ৬০ হাজার টাকা দিয়েছে প্রথম আলো নওগাঁ বন্ধুসভা। গতকাল শনিবার এক অনুষ্ঠানে বিদ্যালয় ভবনের অসমাপ্ত নির্মাণকাজ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক।
চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ পিয়ারলেস হাসপাতালের পরিচালক মনজুরুল আলম, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী, নওগাঁ বন্ধুসভার সভাপতি তসলিমা ফেরদৌস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরালাল পাহান প্রমুখ।
১৯৯২ সালে বড় মহেশপুর আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এত দিন মাটির তৈরি জরাজীর্ণ একটি ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চলছিল। স্থানীয় সুহৃদ ব্যক্তি ও শিক্ষকদের চেষ্টায় ২০১৪ সাল থেকে বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হয়। কিন্তু অর্থের অভাবে টিনের ছাউনি দিতে পারছিল না স্কুল কর্তৃপক্ষ। প্রথম আলো নওগাঁ বন্ধুসভা বিষয়টি জানতে পেরে বিদ্যালয় ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গত নভেম্বর মাসে নওগাঁ মুক্তি থিয়েটার হলে প্রদর্শিত মঞ্চনাটক থেকে উপার্জিত আয়ের ৬০ হাজার টাকা স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হলো।