আদিবাসী ভাষা সংরক্ষণে বাংলাদেশকে অনুসরণ করতে পারে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভাষা-সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তনশীল। এ পরিবর্তন অবধারিত। কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকার উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে আদিবাসীদের সংস্কৃতি সুরক্ষার স্বার্থে তাদের ভাষা অন্তর্ভুক্ত হয়েছে দ্বিতীয় ভাষা হিসেবে। যা নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশের এ উদ্যোগ অস্ট্রেলিয়া অনুসরণ করতে পারে।’ গতকাল বুধবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনের সামাজিক ন্যায়বিচারবিষয়ক কমিশনার মিক গোডা। বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা সরেজমিন দেখতে মিক গোডা গত ২৭ মার্চ পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। প্রথমবারের মতো এ দেশ সফরে তিনি বগুড়া ও নওগাঁয় বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাক ও অক্সফাম পরিচালিত প্রকল্প ঘুরে দেখেছেন। এ ছাড়াও তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাহায্যকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, বাংলাদেশের আদিবাসীরা কেমন আছে সেটা দেখা ও অস্ট্রেলিয়ায় সে অভিজ্ঞতা কাজে লাগানো যায় কি না, সেটাই তাঁর বাংলাদেশ সফরের মূল উদ্দেশ্য। কেমন ছিল বাংলাদেশের মাঠ-পর্যায়ে ঘুরে দেখার অভিজ্ঞতা? এ প্রশ্নের উত্তরে অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি মিক গোডা বলেন, ‘বাংলাদেশের আদিবাসীদের জীবনযাপন আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও আত্মনির্ভরশীলতার বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক।’ তিনি বলেন, ‘বগুড়া ও নওগাঁ সফরের অভিজ্ঞতায় মনে হয়েছে, উন্নয়নের এসব কর্মকাণ্ডে অতিরিক্ত সরকারি সংস্থার যুক্ত হওয়াটা কখনো কখনো সমস্যা তৈরি করে। কারণ, বেশি সংস্থা যুক্ত থাকা মানে, সবগুলো সংস্থার মধ্যে সমন্বয় থাকতে হবে। বাংলাদেশের সাহায্য সংস্থাগুলো যেভাবে স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে কাজ করছে তা যথেষ্ট ইতিবাচক।’ ঢাকার বাইরে উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ের কার্যক্রমে তিনি মুগ্ধ। বিশেষ করে ওইসব বিদ্যালয়ে দ্বিতীয় ভাষা হিসেবে আদিবাসীদের ভাষা প্রচলনের বিষয়টি তাঁর কাছে অনন্য মনে হয়েছে। তিনি বলেন, ‘চর্চার মাধ্যমে সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রাখার চেয়ে শিশুদের শিক্ষার ওপর জোর দেওয়া অনেক বেশি ফলপ্রসূ । কারণ, শিশু বয়সের শিক্ষাটাই বেশি কাজে দেয়। এটাই এখানে দেখতে পেয়েছি। বাংলাদেশের এ পদক্ষেপ অস্ট্রেলিয়ায় অনুসরণ করতে পারি।’