আদিবাসী ভোটারদের কদর বাড়ছে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। তবে এই এলাকার প্রায় ৩০ হাজার আদিবাসী ভোটারের সমর্থন জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে বলে স্থানীয় লোকজন মনে করছেন। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে তাঁদের কদর বাড়ছে।
দলীয় সূত্রে জানা গেছে, ভোটের লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থী সমানে সমান। কিন্তু ভোটাররা বলছেন, শুধু দল দেখে নয়, অবহেলিত এই জনপদের উন্নয়নে যে প্রার্থী সর্্বোচ্চ ভূমিকা রাখতে পারবেন, তাঁকে তাঁরা ভোট দেবেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হক ও বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি খোন্দকার সেলিম জাহাঙ্গির। ২৭ ফেব্রুয়ারি এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটাররা জানান, উত্তরবঙ্গের শস্য ও মৎস্য-ভান্ডারখ্যাত এই উপজেলার উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এই নির্বাচনে আদিবাসী ভোটারদের কদর বিগত সময়ের তুলনায় বেশ বেড়েছে। কারণ, আদিবাসীদের সমর্থন যাঁরা আদায় করতে পারবে, তাঁদেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সগুনা ইউনিয়নের বাবলু মিয়া বলেন, ‘অবহেলিত এই উপজেলার উন্নয়নে ইতিপূর্বে দলগতভাবে কেউই ভূমিকা রাখেনি। এবার ভোটাররা এলাকার উন্নয়ন নিয়ে কিছুটা ভাবতে শুরু করেছে। প্রার্থী যে দলেরই হোক, যিনি বিল অঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন, তাঁকেই আমরা ভোট দেবে।’
বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গির সরকারি দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব বিস্তারের অভিযোগ করে বলেন, ‘আমার বিজয় ছিনিয়ে নিতে সরকারি দল সমর্থিত প্রার্থী জনগণের ভোট ছিনতাইয়ের পরিকল্পনা করছেন। পুলিশ দিয়ে প্রতিদিন আমার সমর্থকদের হয়রানি করছেন।’
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল হক বলেন, ‘ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসছি। ভোটারদের কাছে আমি পরীক্ষিত। তাই তাঁরা আমাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। বিএনপি-সমর্থিত প্রার্থী ভোটারদের সাড়া না পেয়ে পরাজয়ের আশঙ্কা থেকে নানা মিথ্যা অভিযোগ করছেন।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ রায়হান কবির বলেন, প্রার্থীদের বিভিন্ন অভিযোগ নিয়মতান্ত্রিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মোট এক লাখ ২৭ হাজার ১২৭ জন ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৩১২ ও নারী ভোটার ৬৪ হাজার ৮১৫ জন। তাঁরা মোট ৫৭টি কেন্দ্রে ভোট দেবেন।