আদিবাসী শিক্ষক নিয়োগ প্রাধান্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব এলাকায় আদিবাসীর সংখ্যা বেশি, সেসব এলাকার সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষক নিয়োগ প্রাধান্য দিতে হবে। তা হলে ভাষার দূরত্বে আদিবাসীদের আর প্রাথমিক শিক্ষা ব্যাহত হবে না। এ মতামত সিলেটের বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রধানদের। শিক্ষাবিদ, ভাষা গবেষকসহ প্রশাসনের কর্মকর্তারাও এতে একমত পোষণ করেছেন।
গতকাল সিলেটের একটি রেস্তোরাঁয় বেসরকারি সংস্থা আইডিয়া আয়োজিত ‘আদিবাসীদের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় আদিবাসী এলাকায় আদিবাসী শিক্ষক নিয়োগ করে অবস্থার পরিবর্তনের পক্ষে মতামত ব্যক্ত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে ও আইডিয়ার প্রধান নির্বাহী নজমুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভার পটভূমি ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রাজশ্রী গায়েন। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার। আলোচক হিসেবে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ফয়সল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
সভায় সিলেট বিভাগের চার জেলায় বসবাসকারী আদিবাসী পাত্র, গারো, হাজং, খাসী, বানাই, ত্রিপুরা, মাহালী, কন্ড, ওঁরাও, সাঁওতালসহ মণিপুরি সম্প্রদায়ের বিভিন্ন গোত্রের প্রতিনিধিত্বশীল ব্যক্তি ও আদিবাসী সংগঠনের নেতারা তাঁদের মতামত ব্যক্ত করেন। আদিবাসীদের প্রাথমিক শিক্ষায় অগ্রসর, শিক্ষার্থীদের শিক্ষায় চলমান সমস্যা, আর্থসামাজিক অবস্থা, আদিবাসীদের অধিকার অর্জনে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে শিক্ষার প্রথম ধাপ প্রাথমিক শিক্ষায় আদিবাসীদের শতভাগ অগ্রসর নিশ্চিত করতে ভাষার দূরত্ব নিয়ে আলোচনায় আদিবাসী শিক্ষক নিয়োগের বিষয়ে সবাই একমত হন।
এ ব্যাপারে সরকারকে যথাযথভাবে অবহিত করার আশ্বাস দিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘আদিবাসী কমিউনিটির জন্য আমার প্রশাসন থেকে আমি সব রকমের সহযোগিতা প্রদান করব। শিক্ষাক্ষেত্রে এলাকাভিত্তিক আদিবাসী শিক্ষক নিয়োগ হলে বিদ্যালয়ে ভাষাগত সমস্যা থেকে কিছুটা উত্তরণ করা যাবে। আমি এ বিষয়ে সরকারের কাছে আপনাদের পরামর্শ তুলে ধরব।’