আদিবাসী শিক্ষক নিয়োগের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলার আদিবাসী-অধ্যুষিত এলাকায় যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলোতে আদিবাসী শিশুদের নিজ ভাষায় পাঠদানের মাধ্যমে বাংলা শেখানোর জন্য আদিবাসী শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। এ ছাড়া আদিবাসী এলাকার প্রতিটি বিদ্যালয়ে মায়েদের নিয়ে মা-সমাবেশ করারও প্রয়োজনীয়তা রয়েছে।গতকাল শনিবার সকালে আদিবাসীদের সংগঠন পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের (পাসকপ) উদ্যোগে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এক সভায় বক্তারা এ মত দেন। সিলেট নগরের মীরাবাজার এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে ‘প্রাথমিক পর্যায়ে আদিবাসী শিশুদের দ্বিভাষিক শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এ আলোচনা হয়। পাসকপের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংবাদিক আল-আজাদ। লাবণী স্বাতীর সঞ্চালনে মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক চিত্তরঞ্জন রাজবংশী, ইউনিয়ন পরিষদের সদস্য ছইদুর রহমান, শাহ দিদার আলম, মো. সিরাজুল ইসলাম, দানেস সাংমা, নান্টু রঞ্জন সিং প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী বলেন, ‘আদিবাসীদের শিক্ষার মানোন্নয়নের জন্য প্রাথমিক পর্যায়ে আদিবাসী শিক্ষক নিয়োগসহ আদিবাসী প্রাক্-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা জরুরি।’