আদিবাসী শিক্ষার্থী ধর্ষণের শিকার, আটক ৫
নগরের খুলশী থানার পলিটেকনিক এলাকায় এক আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় এক আদিবাসী বন্ধুর সঙ্গে পলিটেকনিক এলাকায় বেড়াতে গেলে স্থানীয় ছয়-সাতজন সন্ত্রাসী বন্ধুটিকে বেঁধে রেখে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।ঘটনার পর রাত ১০টার দিকে খুলশী থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চট্টগ্রামের একটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ওই কিশোরীর অবস্থা এখন আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক ছেলে-সহপাঠীর সঙ্গে সন্ধ্যা সাতটার দিকে পলিটেকনিক পাহাড়ের পাদদেশে বেড়াতে গিয়েছিল মেয়েটি। সেখানে সহপাঠীকে বেঁধে রেখে সাত-আটজন সন্ত্রাসী মেয়েটিকে ধর্ষণ করে।এ ঘটনার পর পুলিশ সহপাঠী স্কুলশিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানা গেছে।