আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা বাজারে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে লেঙ্গুরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন, ব্যবসায়ী, এলাকাবাসী এবং স্থানীয় গারো-হাজং আদিবাসীসহ সহস্রাধিক মানুষ এতে অংশ নেন। এ সময় ধর্ষণের চেষ্টায় জড়িত সামছুল হককে অবিলম্বে আটক করে বিচারের আওতায় আনার দাবিতে বক্তব্য দেন লেঙ্গুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের সদস্য মেরি রংদি, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবু বকর সিদ্দিক, এলাকাবাসী হজরত আলী, রোজা রংদি প্রমুখ।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, লেঙ্গুরা উচ্চবিদ্যালয়ের ওই শিক্ষার্থী গত ৫ মে রাতে নিজ বাড়িতে ঘুমানোর সময় ফুলবাড়ি গ্রামের সামছুল হক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ৯ মে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ বলেন, সামছুল হককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।