সব জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে খাগড়াছড়ির দীঘিনালায় ১১ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী শিক্ষার্থীরা। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের এ কর্মসূচিতে হাজারো আদিবাসী শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি রুপেশ চাকমা।
বক্তব্য দেন ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা জীবন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন নেত্রী ডেইজি চাকমা, ছাত্রনেতা নীরব চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, ‘কোনো সরকারই আদিবাসীদের দাবি বাস্তবায়ন করেনি বরং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের জাতীয় অস্তিত্ব মুছে দিয়ে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। তাই পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই।’
পাঁচ দফা দাবি: জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা, জাতিসত্তার প্রতি অবমাননাকর বক্তব্য পাঠ্যবই থেকে বাদ দেওয়া, পাহাড়ি জাতিসত্তার বীরত্বের কাহিনি, সঠিক সংগ্রামী ইতিহাস ও সব জাতিসত্তার পরিচিতিমূলক রচনা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত এবং পার্বত্য কোটা বাতিল করে পাহাড়িদের জন্য বিশেষ কোটা চালু করা।